Advertisement

ভিএআর ব্যবহারে নতুন নির্দেশনা জারি করল উয়েফা

এশিয়া পোস্ট স্পোর্টস
ভিএআর ব্যবহারে নতুন নির্দেশনা জারি করল উয়েফা
ভিএআর কীভাবে ব্যবহার হবে তার পরিষ্কার নির্দেশনা দিল উয়েফা। ছবি: উয়েফা.কম

কখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হস্তক্ষেপ করবে আর কখন মাঠের রেফারির সিদ্ধান্তই বহাল থাকবে, তা নিয়ে ফুটবলে বিতর্ক দীর্ঘদিনের। এই বিভ্রান্তি কমাতে এবার ‘ক্লিয়ার লাইন’ নামে প্রথম প্রকাশ্য ভিএআর নির্দেশিকা চালু করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

Advertisement

নতুন নির্দেশিকার মূল লক্ষ্য ভিএআরের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ কমানো এবং মাঠের রেফারির সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দেওয়া। উয়েফা জানিয়েছে, শুধু ম্যাচের ফল বদলে দিতে পারে এমন পরিষ্কার ও সুস্পষ্ট ভুল কিংবা গুরুতর কোনো ঘটনা রেফারির নজর এড়িয়ে গেলেই ভিএআর হস্তক্ষেপ করবে।

উয়েফার ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে ক্লিয়ার লাইন প্ল্যাটফর্মটি। এখানে একশর বেশি ঘটনার ভিডিও, বিভিন্ন ধরনের পরিস্থিতি এবং ভিএআর ব্যবহারের ব্যাখ্যা রাখা হয়েছে। খেলোয়াড়, কোচ, সমর্থক ও সাংবাদিকেরাও এর মাধ্যমে বুঝতে পারবেন, কোন ঘটনায় কেন ভিএআর হস্তক্ষেপ করেছে কিংবা করেনি।

উয়েফার রেফারিং প্রধান রবার্তো রোসেত্তি বলেন, ‘ভিএআর কখন হস্তক্ষেপ করবে, সেটিই এখন সবার সবচেয়ে বড় প্রশ্ন।’

গত আট বছরের অভিজ্ঞতা এবং বিভিন্ন প্রতিযোগিতায় ঘটে যাওয়া একশর বেশি পরিষ্কার ঘটনা বিশ্লেষণ করে এই নির্দেশিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রোসেত্তির মতে, ভিএআর ব্যবহারের ক্ষেত্রে সবার জন্য একটি অভিন্ন মানদণ্ড থাকা জরুরি।

উয়েফার রেফারিং বিভাগের কর্মকর্তা কার্লোস ভেলাসকো কারবাইয়ো জানিয়েছেন, ক্লিয়ার লাইন শুধু রেফারি কিংবা রেফারিং সংস্থাগুলোর জন্য তৈরি করা হয়নি। সাধারণ ফুটবলপ্রেমীরাও যেন সহজে নির্দেশনাগুলো বুঝতে পারেন, সে জন্য এতে কঠিন রেফারিং পরিভাষার পরিবর্তে অনেক ক্ষেত্রে প্রচলিত ভাষা ব্যবহার করা হয়েছে।

চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের পর সমর্থক কিংবা সংশ্লিষ্ট ক্লাব চাইলে ক্লিয়ার লাইনের ভিডিওভান্ডারে থাকা একই ধরনের ঘটনার সঙ্গে সেটি তুলনা করতে পারবে। এতে সিদ্ধান্তের পেছনে উয়েফার ব্যাখ্যা ও নীতিমালা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

নির্দেশিকাটি তৈরির আগে ইউরোপের পাঁচটি বড় ফুটবল দেশের রেফারিং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে উয়েফা। স্পেনের দাভিদ ফার্নান্দেস বোরবালান, ফ্রান্সের অ্যান্থনি গৌতিয়ের, জার্মানির কুন্ট কিরশার, ইতালির দোমেনিকো মেসিনা এবং ইংল্যান্ডের হাওয়ার্ড ওয়েব এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন।

সাবেক খেলোয়াড়, কোচ ও সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছে উয়েফা। আলোচনায় প্রায় সবার অভিযোগ ছিল, ফুটবলের আইন এবং ভিএআরের সিদ্ধান্ত ব্যাখ্যার ক্ষেত্রে বিভিন্ন দেশ ও প্রতিযোগিতায় ভিন্ন ভাষা ও মানদণ্ড ব্যবহার করা হয়। ক্লিয়ার লাইনের মাধ্যমে সেই ব্যবধান দূর করে ইউরোপজুড়ে অভিন্ন ব্যাখ্যা প্রতিষ্ঠা করতে চায় সংস্থাটি।

চলতি মৌসুম থেকেই নিজেদের সব প্রতিযোগিতায় নতুন নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করবে উয়েফা। এতে সামান্য কিংবা খুব সূক্ষ্ম ভুল খুঁজে বের করার পরিবর্তে শুধু স্পষ্ট ভুল সংশোধনে মনোযোগী থাকবে ভিএআর।

ভিএআর চালুর সময়ও ধারণাটি ছিল, প্রযুক্তি কেবল পরিষ্কার ভুল সংশোধনে মাঠের রেফারিকে সহায়তা করবে। সময়ের সঙ্গে ছোটখাটো ঘটনা পর্যালোচনা এবং দীর্ঘ সময় ধরে সিদ্ধান্ত যাচাইয়ের কারণে সেই মূল উদ্দেশ্য অনেকটাই হারিয়ে গেছে। নতুন নির্দেশিকার মাধ্যমে সেই পুরোনো ধারণাতেই ফিরতে চাইছে উয়েফা।

ক্লিয়ার লাইন খেলার আইন পরিবর্তন করছে না। বরং একই আইন কীভাবে ধারাবাহিকভাবে প্রয়োগ করা হবে, সেটিই পরিষ্কার করছে। একই সঙ্গে ভিএআরের ভূমিকা সীমিত রেখে মাঠের প্রধান রেফারির সিদ্ধান্ত ও কর্তৃত্ব আবারও শক্তিশালী করতে চাইছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ভিএআর ব্যবহারে নতুন নির্দেশনা জারি করল উয়েফা