মেসির বিদায়ী ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা

ব্রাজিল-আর্জেন্টিনার চিরন্তন প্রতিদ্বন্দ্বিতাও তাদের বন্ধুত্বে কখনো দেয়াল তুলতে পারেনি। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে নিজের দেশ হেরে যাওয়ার পরও মারাকানায় লিওনেল মেসিকে জড়িয়ে ধরেছিলেন নেইমার। এবার আর্জেন্টিনার জার্সিতে বন্ধুর শেষ ম্যাচের আগে আরও একবার সেই সম্পর্কের উষ্ণতা ফুটে উঠল তার কথায়।
মেসির বিদায়ী ম্যাচের আগে নেইমার বললেন, শুধু আর্জেন্টিনা নয়, ফুটবলকে যা দিয়েছেন, তার জন্য গোটা বিশ্বই আর্জেন্টাইন তারকার কাছে কৃতজ্ঞ।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে আবেগঘন বার্তাটি দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
নেইমার লিখেছেন, ‘যারা ফুটবল ভালোবাসে, তারা এত বছর ধরে তোমাকে উপভোগ করেছে। আজ তোমার দেশ ও জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। আশা করি প্রতিটি সেকেন্ড তুমি উপভোগ করবে এবং আজ যত ভালোবাসা ও সম্মান পাবে, তা তোমাকে আনন্দ দেবে।’
এরপরই আসে তার বার্তার সবচেয়ে আবেগী অংশ।
‘শুধু আর্জেন্টিনা তোমাকে ধন্যবাদ জানাচ্ছে না, ফুটবলের জন্য তুমি যা করেছ, তার জন্য পুরো বিশ্ব তোমাকে ধন্যবাদ জানায়। ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার বিপক্ষে খেলতে পারা আমার জন্য সম্মানের ছিল, আর তোমার পাশে ইতিহাস গড়তে পারাটা ছিল আরও বড় সম্মানের। ধন্যবাদ, লিওনেল মেসি।’
উল্লেখ্য মেসি ও নেইমারের সম্পর্ক শুধু জাতীয় দলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী তারকার নয়। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন তারা। লুইস সুয়ারেজকে নিয়ে গড়া তাদের বিখ্যাত আক্রমণভাগ বার্সাকে এনে দিয়েছিল একের পর এক সাফল্য, যার মধ্যে ছিল ২০১৫ সালের চ্যাম্পিয়নস লিগও।
চার বছর পর প্যারিস সেন্ট জার্মেইয়েও আবার সতীর্থ হন দুজন। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত প্যারিসে একসঙ্গে খেলার পর তাদের পথ আলাদা হয়ে যায়।
জাতীয় দলের জার্সিতে অবশ্য বহুবার মুখোমুখি হয়েছেন মেসি ও নেইমার। সবচেয়ে স্মরণীয় লড়াইগুলোর একটি ২০২১ সালের কোপা আমেরিকা ফাইনাল। মারাকানায় ব্রাজিলকে হারিয়ে সেদিন আর্জেন্টিনার হয়ে প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা জিতেছিলেন মেসি। ম্যাচ শেষে পরাজয়ের হতাশার মধ্যেও বন্ধুকে দীর্ঘ সময় জড়িয়ে রেখেছিলেন নেইমার।
-eefce1.webp)