Advertisement

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানেজিয়া

এশিয়া পোস্ট স্পোর্টস
ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানেজিয়া
ক্লদিও ক্যানেজিয়া। পুরোনো ছবি

আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসের অন্যতম পরিচিত মুখ ক্লদিও ক্যানেজিয়া আসছেন ঢাকায়। আগামী সোমবার ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ২০২৬ আসরের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিয়েগো ম্যারাডোনার সাবেক এই সতীর্থ।

Advertisement

স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা। ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

৩৬টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত এবারের প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ক্যানেজিয়া। আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপ খেলা সাবেক এই ফরোয়ার্ড ১৯৯০ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

সেই আসরের শেষ ষোলোয় ব্রাজিলের বিপক্ষে ম্যারাডোনার দুর্দান্ত পাস থেকে ক্যানেজিয়ার গোলেই ১-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। সেমিফাইনালে স্বাগতিক ইতালির বিপক্ষেও গোল করেন তিনি। তবে ওই ম্যাচে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার কারণে পশ্চিম জার্মানির বিপক্ষে ফাইনালে খেলতে পারেননি ক্যানেজিয়া।

আর্জেন্টিনার জার্সিতে ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্যানেজিয়া গ্যাব্রিয়েল বাতিস্তুতার সঙ্গেও দীর্ঘ সময় খেলেছেন। বাংলাদেশের তরুণ ফুটবলারদের উৎসাহিত করতেই তার এই সফর বলে জানিয়েছেন আয়োজকেরা।

ঢাকায় অবস্থানকালে ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধাও ঘুরে দেখবেন ক্যানেজিয়া। দেশের বয়সভিত্তিক ও তৃণমূল ফুটবলের উন্নয়ন নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে তার। ভবিষ্যতে বাংলাদেশের তৃণমূল ফুটবল নিয়ে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও সেই আলোচনায় উঠে আসতে পারে।

সোমবার বিকেল ৩টা থেকে শুরু হবে সমাপনী আয়োজন। ফাইনাল শেষে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ট্রফি বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। পরে বিকেল সাড়ে ৫টায় আয়োজকদের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন ক্যানেজিয়া।

স্কুল পর্যায়ের ফুটবলারদের প্রতিযোগিতামূলক পরিবেশে খেলার সুযোগ করে দেওয়া এবং তৃণমূল থেকে নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যেই ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ আয়োজন করছে স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসি। এবারের আসরের শেষ দিনে আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানেজিয়ার উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করবে আয়োজনে।

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানেজিয়া