২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিলের সঙ্গে নতুন চুক্তিতে আগ্রহী আনচেলত্তি

ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তিনি সেলেসাওর সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের পথে আছেন। সবকিছু ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপের আগেই চার বছরের নতুন চুক্তিতে সই করবেন ইতালিয়ান এই কোচ, যা তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের দায়িত্বে রাখবে।
এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘আমার বিশ্বাস, আমি ব্রাজিলের সঙ্গে চার বছরের জন্য চুক্তি নবায়ন করব। এটি নতুন দায়িত্ব, আর আমি এটি খুব উপভোগ করছি।’
২০২৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদের সফল দ্বিতীয় মেয়াদ শেষে প্রথমবারের মতো জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন ৬৬ বছর বয়সী আনচেলত্তি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০০২ সালের পর আর শিরোপা জিততে পারেনি। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে তারা পঞ্চম স্থানে—স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডের পেছনে।
রিয়ালে কোচিং করার সময়ের শিষ্য ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়েও কথা বলেন আনচেলত্তি।
‘আমি তার সঙ্গে কথা বলেছি। একজন খেলোয়াড়কে কোচ ও সতীর্থদের সম্মান করতে হয়। মাঠে তার মনোভাব অনেক উন্নত হয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘এখানে যে ভিনি আসে, মানবিক দিক থেকে সে রিয়ালের ভিনির চেয়ে আলাদা।’
সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বর্তমান পরিস্থিতি নিয়ে আনচেলত্তি বলেন, ‘পরিবেশ নতুন করে গড়ে তুলতে সময় লাগে। একজন কোচের জন্য অভিযোজন ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ।’
তৃতীয়বারের মতো সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলেন, “এটা ভালো প্রশ্ন…”
তবে আপাতত তার পুরো মনোযোগ ব্রাজিল দলেই। ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর অল্প সময় বাকি, প্রস্তুতিও জোরদার হচ্ছে। নতুন চুক্তি হলে তা ব্রাজিল ফুটবলের জন্য বড় স্বস্তির খবর হবে।