Advertisement

লিভারপুলের সাবেক অধিনায়ককে দলে টানল চেলসি

এশিয়া পোস্ট স্পোর্টস
লিভারপুলের সাবেক অধিনায়ককে দলে টানল চেলসি
জর্ডান হেন্ডারসন। ছবি: চেলসি

প্রায় ১৮ বছর আগে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষেই পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল তার। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে সেই মাঠকেই এবার নিজের ঘর বানালেন জর্ডান হেন্ডারসন। লিভারপুলের সাবেক অধিনায়ককে দুই বছরের চুক্তিতে দলে নিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি।

সোমবার হেন্ডারসনকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় চেলসি। ব্রেন্টফোর্ড ছাড়ার পর কোনো দলবদল ফি ছাড়াই স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে যোগ দিয়েছেন ৩৬ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সালের জুন পর্যন্ত চেলসিতে থাকবেন তিনি।

চেলসিতে যোগ দেওয়ার সিদ্ধান্তে ক্লাবটির আকার, খেলোয়াড়দের মান এবং নতুন কোচ জাবি আলোনসোর প্রভাবের কথা জানিয়েছেন হেন্ডারসন। চেলসিকে আবার সাফল্যের পথে ফেরাতে মালিকপক্ষের পরিকল্পনাও তাকে আকৃষ্ট করেছে। মাঠের পাশাপাশি ড্রেসিংরুমেও সতীর্থদের সাহায্য করতে চান অভিজ্ঞ এই মিডফিল্ডার।

সান্ডারল্যান্ডের একাডেমি থেকে উঠে আসা হেন্ডারসন ২০১১ সালে লিভারপুলে যোগ দেন। অ্যানফিল্ডে ১২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৪৯২ ম্যাচ। স্টিভেন জেরার্ড চলে যাওয়ার পর ২০১৫ সালে তার হাতে তুলে দেওয়া হয় লিভারপুলের অধিনায়কত্ব।

হেন্ডারসনের নেতৃত্বেই ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগ এবং পরের বছর ৩০ বছরের অপেক্ষা ঘুচিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে লিভারপুল। তার সময়ে এফএ কাপ, দুটি লিগ কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপও জিতেছিল অলরেডরা।

২০২৩ সালে লিভারপুল ছেড়ে সৌদি আরবের আল ইত্তিফাকে যোগ দিয়েছিলেন হেন্ডারসন। তবে সেখানে মাত্র ছয় মাস থাকার পর নেদারল্যান্ডসের আয়াক্সে চলে যান। এরপর গত বছর ব্রেন্টফোর্ডের হয়ে ইংলিশ ফুটবলে ফেরেন। গত মৌসুমে দলটির হয়ে ৩৪ ম্যাচ খেলে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন তিনি।

সাম্প্রতিক বিশ্বকাপে অবশ্য মাত্র ছয় মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন হেন্ডারসন। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের পর উদ্‌যাপনের সময় পড়ে গিয়ে তার হাত ভেঙে যায়। ফলে টুর্নামেন্টের বাকি অংশে আর মাঠে নামতে পারেননি। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৯১ ম্যাচ খেলেছেন তিনি।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে দশম হয়েছিল চেলসি। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে ঘুরে দাঁড়াতে তরুণ প্রতিভার পাশাপাশি অভিজ্ঞতাও যোগ করছে লন্ডনের ক্লাবটি। হেন্ডারসনের নেতৃত্বগুণ ও বড় ম্যাচের অভিজ্ঞতা সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।

আগামী ২৪ আগস্ট ফুলহামের মাঠে নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করবে চেলসি। প্রায় ১৮ বছর আগে যে স্ট্যামফোর্ড ব্রিজে প্রতিপক্ষ হিসেবে যাত্রা শুরু করেছিলেন হেন্ডারসন, এবার সেই মাঠেই দেখা যাবে তাকে চেলসির নীল জার্সিতে।