শেষ দিনে রেকর্ড, বিদায়, শিরোপা উৎসব আর অবনমনের নাটক

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিন সাধারণত শুধু পয়েন্ট টেবিলের হিসাব মেলানোর দিনের সাথে মৌসুমের শেষ অধ্যায়ও। ২০২৫-২৬ মৌসুমের শেষ দিনও ব্যতিক্রম হলো না। কোথাও শিরোপা উৎসব, কোথাও রেকর্ডের রাত, কোথাও বিদায়ের আবেগ, আর কোথাও অবনমনের নির্মম বাস্তবতা। সব মিলিয়ে নাটকীয়ভাবেই শেষ হলো ইংলিশ ফুটবলের আরেকটি মৌসুম।
দিনের সবচেয়ে বড় দৃশ্য ছিল আর্সেনালের শিরোপা উদ্যাপন। সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে ২২ বছরের অপেক্ষার পর পাওয়া লিগ শিরোপার মৌসুম শেষ করল মিকেল আর্তেতার দল। গ্যাব্রিয়েল জেসুস ও ননি মাদুয়েকের গোলে জয় পায় গানাররা। ম্যাচ শেষে ট্রফি হাতে তোলেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড, আর আর্সেনাল শেষ করে ৮৫ পয়েন্ট নিয়ে, দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে।
অন্যদিকে ম্যানচেস্টার সিটির দিনটি ছিল এক যুগের শেষ দৃশ্য। ইত্তিহাদে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরে মৌসুম শেষ করে সিটি। তবে ফলের চেয়ে বড় ছিল পেপ গার্দিওলার বিদায়। এক দশকে সিটিকে ইংলিশ ফুটবলের সবচেয়ে প্রভাবশালী শক্তিতে পরিণত করা স্প্যানিশ কোচের শেষ ম্যাচ ছিল এটি।
ব্রাইটনের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের ৩-০ জয়ে ইতিহাস গড়েন ব্রুনো ফার্নান্দেস। প্যাট্রিক ডরগুর গোলে কর্নার থেকে অ্যাসিস্ট করে এক মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২১ অ্যাসিস্টের রেকর্ড এককভাবে নিজের করে নেন ইউনাইটেড অধিনায়ক। আগের দিনই মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া ব্রুনো ম্যাচে নিজেও গোল করেন। ইউনাইটেড লিগ শেষ করেছে তৃতীয় স্থানে, দুই বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরছে তারা।
শেষ দিনে সবচেয়ে তীব্র লড়াই ছিল টিকে থাকার হিসাবেও। ওয়েস্ট হাম নিজেদের কাজটা করেছিল, লিডসকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। টটেনহাম এভারটনকে ১-০ গোলে হারিয়ে নিরাপদে থেকে যায়, আর ওয়েস্ট হাম নেমে যায় চ্যাম্পিয়নশিপে।
ইউরোপীয় জায়গা নিয়েও শেষ দিনে নাটক কম হয়নি। সান্ডারল্যান্ড ২-১ গোলে চেলসিকে হারিয়ে ইউরোপা লিগে জায়গা নিশ্চিত করে। গত মৌসুমে উঠে আসা দলটির জন্য এটি বড় সাফল্য। বোর্নমাউথ নটিংহাম ফরেস্টের সঙ্গে ১-১ ড্র করেও ইউরোপা লিগের টিকিট পায়। আর ব্রাইটন ইউনাইটেডের কাছে হারলেও কনফারেন্স লিগে জায়গা ধরে রাখে।
লিভারপুলের জন্য শেষ দিনটি ছিল বিদায়ের আবেগে মোড়া। ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ ড্র করলেও আলোচনায় ছিল মোহাম্মদ সালাহ ও অ্যান্ডি রবার্টসনের বিদায়ী মুহূর্ত। অন্যদিকে ফুলহাম ২-০ গোলে নিউক্যাসলকে হারায়, বার্নলি ও উলভসের ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।
সব মিলিয়ে শেষ দিনটা প্রিমিয়ার লিগের মৌসুমের সব রংই দেখিয়েছে। আর্সেনালের দীর্ঘ অপেক্ষার শিরোপা, গার্দিওলার যুগের ইতি, ব্রুনোর রেকর্ড, ইউনাইটেডের চ্যাম্পিয়নস লিগে ফেরা, সান্ডারল্যান্ডের ইউরোপীয় স্বপ্ন, আর ওয়েস্ট হামের অবনমন। এক বিকেলেই লেখা হলো ইংলিশ ফুটবলের বহু গল্প।
