logo
Advertisement

মেসির সাফল্যে কত টাকা আয় করেছে আর্জেন্টিনা?

এশিয়া পোস্ট স্পোর্টস
মেসির সাফল্যে কত টাকা আয় করেছে আর্জেন্টিনা?
লিওনেল মেসি। ছবি: গেটি ইমেজ

লিওনেল মেসির ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ভাগটি ছিল সাফল্যে মোড়ানো। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ, একের পর এক শিরোপা ও ফাইনাল খেলার সুবাদে বড় অঙ্কের পুরস্কারের অর্থও পেয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

Advertisement

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের হিসাবে, ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার হিসেবে এএফএর আয় প্রায় ১২১ মিলিয়ন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় অঙ্কটি প্রায় ১ হাজার ৪৮৭ কোটি টাকা।

এই অর্থ অবশ্য মেসির ব্যক্তিগত আয় নয়। বিভিন্ন প্রতিযোগিতায় আর্জেন্টিনার সাফল্যের জন্য এএফএর পাওয়া পুরস্কারের হিসাব এটি। স্পনসর, সম্প্রচার, টিকিট বিক্রি কিংবা প্রীতি ম্যাচ থেকে পাওয়া বাণিজ্যিক আয়ও এর অন্তর্ভুক্ত নয়। ফলে মেসির উপস্থিতিতে আর্জেন্টিনা ফুটবলের প্রকৃত আর্থিক লাভ আরও অনেক বেশি।

লিওনেল স্কালোনি দায়িত্ব নেওয়ার পর ২০১৯ কোপা আমেরিকা ছিল আর্জেন্টিনার প্রথম বড় প্রতিযোগিতা। ব্রাজিলে অনুষ্ঠিত সেই আসরে তৃতীয় হয়ে ৮ মিলিয়ন ডলার পায় এএফএ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯৮ কোটি টাকা।

দুই বছর পর আসে বহুল প্রতীক্ষিত শিরোপা। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে জাতীয় দলের হয়ে প্রথম বড় শিরোপা জেতেন মেসি। সেই সাফল্যের জন্য আর্জেন্টিনার পুরস্কারের অর্থ ছিল ১০ মিলিয়ন ডলার, প্রায় ১২৩ কোটি টাকা।

সবচেয়ে বড় অঙ্কটি আসে ২০২২ কাতার বিশ্বকাপ থেকে। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছরের অপেক্ষা ঘোচানো আর্জেন্টিনা ফিফার কাছ থেকে পায় ৪২ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫১৬ কোটি টাকা।

বিশ্বকাপ জয়ের পর দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবল থেকেও ১০ মিলিয়ন ডলার বোনাস পায় এএফএ। এই অর্থের বর্তমান মূল্য প্রায় ১২৩ কোটি টাকা। শুধু বিশ্বকাপ জয়ের সুবাদেই তাই আর্জেন্টিনার আয় হয়েছিল প্রায় ৬৩৯ কোটি টাকা।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে আবারও কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। ফাইনালে কলম্বিয়াকে হারানোর পর চ্যাম্পিয়নদের দেওয়া হয় ১৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৯৭ কোটি টাকা।

সবশেষ ২০২৬ বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল মেসির আর্জেন্টিনা। স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে না পারলেও রানার্সআপ হিসেবে এএফএ পায় ৩৩ মিলিয়ন ডলার। বর্তমান হিসাবে অঙ্কটি প্রায় ৪০৬ কোটি টাকা। ফিফার ঘোষিত পুরস্কার তালিকাতেও রানার্সআপ দলের জন্য এই পরিমাণ অর্থ নির্ধারিত ছিল।

৩১ আগস্ট জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে রেকর্ড ১২৫ গোলের পাশাপাশি জিতেছেন দুটি কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ ও একটি ফিনালিসিমা। তাঁর বিদায়ে তাই শুধু মাঠের একটি যুগ নয়, আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে সফল ও লাভজনক অধ্যায়গুলোর একটিরও সমাপ্তি ঘটল।

মেসির সাফল্যে কত টাকা আয় করেছে আর্জেন্টিনা?