ফুটবল থেকে হলুদ-লাল কার্ড বাদ দিতে চান নাপোলি সভাপতি

ফুটবলকে তরুণ প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন নাপোলি সভাপতি অরেলিও ডি লরেন্তিস। তার মতে, বর্তমান ৯০ মিনিটের ম্যাচ ফরম্যাট এখনকার দর্শকদের মনোযোগ ধরে রাখতে পারছে না।
৭৬ বছর বয়সি এই ক্লাবকর্তা মনে করেন, দ্রুতগতির ডিজিটাল যুগে বড় সময়ের ম্যাচ তরুণদের কাছে কম আকর্ষণীয় হয়ে উঠছে। তাই ম্যাচের সময় কমিয়ে ৫০ মিনিট করার প্রস্তাব দিয়েছেন তিনি। তার পরিকল্পনায় প্রতিটি অর্ধ হবে ২৫ মিনিটের, তবে কার্যকর খেলার সময় হিসেবেই এটি নির্ধারণ করতে চান তিনি।
ডি লরেন্তিসের মতে, ১৫ মিনিটের বিরতিও একটি বড় সমস্যা। এই সময়েই অনেক দর্শক খেলা ছেড়ে অন্য দিকে চলে যায়, বিশেষ করে শিশুরা।
তিনি বলেন, এখনকার প্রজন্ম ভিডিও গেমের দ্রুত গতির সঙ্গে অভ্যস্ত। সেই তুলনায় টেলিভিশনে ফুটবল অনেক ধীর মনে হয় তাদের কাছে।
শুধু সময় নয়, খেলার নিয়মেও পরিবর্তন চান তিনি। হলুদ ও লাল কার্ড তুলে দিয়ে ‘সিন-বিন’ পদ্ধতি চালুর প্রস্তাব দিয়েছেন। তার মতে, এতে ফাউলের শাস্তি ম্যাচের ভেতরেই বেশি কার্যকর হবে এবং খেলার গতি বজায় থাকবে।
এই পদ্ধতিতে হলুদ কার্ডের বদলে ৫ মিনিট এবং লাল কার্ডের বদলে ২০ মিনিটের জন্য খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানোর কথা বলেছেন তিনি।
এ ছাড়া অফসাইড নিয়মেও পরিবর্তন এনে গোলের সংখ্যা বাড়ানোর কথাও উল্লেখ করেছেন ডি লরেন্তিস।
তার দাবি, ফুটবল যদি সময়ের সঙ্গে তাল না মেলায়, তাহলে ভবিষ্যতে দর্শক হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।
তবে তার এই প্রস্তাবগুলো বাস্তবায়নের সম্ভাবনা কতটা, তা এখনও স্পষ্ট নয়।