অস্ত্রোপচারের সিদ্ধান্ত মিলিতাওয়ের, খেলা হচ্ছে না বিশ্বকাপ
-1777304798-14495_1777304806.webp)
বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ। হ্যামস্ট্রিং চোটে এই সপ্তাহে ফিনল্যান্ডে অস্ত্রোপচার করাবেন এদের মিলিতাও। অস্ত্রোপচারের কারণে প্রায় পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে। ফলে আসন্ন বিশ্বকাপে তার খেলা হচ্ছে না এমনটাই দাবি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
আলাভেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন মিলিতাও। পরে রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম পরীক্ষার পর জানায়, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। শুরুতে অস্ত্রোপচার ছাড়া চিকিৎসার বিকল্পও বিবেচনায় ছিল। সেই পথে গেলে প্রায় পাঁচ সপ্তাহের মধ্যে ফেরার সম্ভাবনা ছিল এবং বিশ্বকাপে খেলার সুযোগও থাকতে পারত।
তবে সেই বিকল্পে চোট পুনরায় ফিরে আসার ঝুঁকি বেশি থাকায় শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন মিলিতাও। অপারেশনের পর পুনর্বাসন দীর্ঘ হলেও এতে রিল্যাপ্সের ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।
ফিনল্যান্ডে মিলিতাওয়ের অস্ত্রোপচার করবেন লাসে লেমপাইনেন। এই ধরনের চোটের চিকিৎসায় তাকে বিশ্বের অন্যতম সেরা বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়।
এর আগে আলাভেসের বিপক্ষে গোলের উদ্দেশ্যে শট নেওয়ার সময় অস্বস্তিকর অবস্থানে শরীর ঘোরানোর পরই চোট পান মিলিতাও।
মিলিতাওয়ের জন্য এটি আরেকটি বড় ধাক্কা। চলতি মৌসুমে এটি তার তৃতীয় মাংসপেশির চোট। চোটের কারণে মৌসুমজুড়ে খুব বেশি ম্যাচ খেলতেই পারেননি তিনি। আগের একটি টেনডন-সম্পৃক্ত মাংসপেশির চোটে চার মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে, সে সময় মিস করেছিলেন ২৪টি ম্যাচ।
গত কয়েক বছর ধরেই চোট মিলিতাওয়ের ক্যারিয়ারকে বারবার থামিয়ে দিচ্ছে। ২০২৩ সালের আগস্টে বাঁ হাঁটুর ক্রুসিয়েট লিগামেন্টে চোট পেয়ে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বাইরে ছিলেন তিনি। একই বছরের নভেম্বরে আবারও সম্পূর্ণ ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যায়, সঙ্গে দুই মেনিসকাসেও ক্ষতি হয়। সেই চোট কাটিয়ে তিনি ফিরেছিলেন ২০২৫ সালের জুলাইয়ে।
এবার হ্যামস্ট্রিং অস্ত্রোপচারের কারণে ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই বড় সময়ের জন্য মিলিতাওকে হারাতে হচ্ছে। বিশ্বকাপের আগে ব্রাজিলের রক্ষণভাগের পরিকল্পনাতেও এটি বড় ধাক্কা হয়ে এলো।