২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে মরক্কোয় বিরোধ, স্পেনের পাল্টা দাবি

ফিফার সিদ্ধান্তের আগেই ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে নিজ দেশের প্রধানমন্ত্রীর সমালোচনার মুখে পড়েছেন মরক্কোর ফুটবল ফেডারেশন সভাপতি ফাওজি লেকজা। এর মধ্যে আবার স্পেনের ফুটবল ফেডারেশন সভাপতি রাফায়েল লুজান দাবি করেছেন, ফাইনাল তাদের দেশেই হওয়া উচিত।
স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে আয়োজন করবে ২০৩০ বিশ্বকাপ। তবে ফাইনাল কোন দেশে হবে, সেই সিদ্ধান্ত এখনো জানায়নি ফিফা। সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, যথাসময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগেই একটি রাজনৈতিক দলের অনুষ্ঠানে লেকজা ঘোষণা দেন, ফাইনাল আয়োজনের সম্মান পাবে কাসাব্লাঙ্কা। তার এই বক্তব্যে আপত্তি জানিয়েছেন মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান্নুশ।
চলতি মাসের নির্বাচন সামনে রেখে শুক্রবার এক সমাবেশে আখান্নুশ বলেন, ‘আমাদের সহযোগী স্পেন ও পর্তুগালের সঙ্গে বিষয়টি নিয়ে এখনো আলোচনা হয়নি। তার আগেই মরক্কোয় ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দেবেন না। কিছুটা সম্মান তো দেখাতে হবে।’
নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে সরকারকে বেকায়দায় না ফেলার আহ্বানও জানান তিনি। মরক্কোর প্রধানমন্ত্রীর ভাষায়, ‘এগুলো অনেক বড় বিষয়। ফাইনাল কোথায় হবে, সেই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মরক্কোর ভেতরের এই বিরোধের মধ্যেই নিজেদের দাবি জোরালো করেছে স্পেন। লেকজার বক্তব্যকে নির্বাচনী স্লোগান হিসেবে উড়িয়ে দিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশন সভাপতি লুজান। ফাইনাল আয়োজনের পক্ষে যুক্তি দিতে স্পেনের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন পরিচয়ও সামনে এনেছেন তিনি।
স্প্যানিশ রেডিও কাদেনা সেরকে লুজান বলেন, ‘ফিফা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে আমি বিশ্বাস করি, ফাইনাল স্পেনেই হওয়া উচিত। আপনারা জানেন, আমরা এখন বিশ্বচ্যাম্পিয়ন।’
বড় প্রতিযোগিতা আয়োজনে স্পেনের সক্ষমতা নিয়েও কোনো প্রশ্ন নেই বলে দাবি করেন তিনি। লুজান বলেন, ‘বাস্তবতা হলো, এই ফাইনাল স্পেন ছাড়া অন্য কোথাও হতে পারে না, হওয়া উচিতও নয়।’
ফাইনাল আয়োজনের দৌড়ে থাকা মরক্কো বিশ্বকাপ সামনে রেখে ১ লাখ ১৫ হাজার আসনের একটি স্টেডিয়াম নির্মাণ করছে। গত মে মাস পর্যন্ত এর নির্মাণকাজ প্রায় ৩০ শতাংশ শেষ হয়েছিল। প্রকল্পের দায়িত্বে থাকা কর্মকর্তাদের আশা, ২০২৭ সালের শেষ নাগাদ কাজ শেষ হবে।
লেকজার বক্তব্য নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি মরক্কোর ফুটবল ফেডারেশন। স্পেনের ফেডারেশনের কাছেও মন্তব্য চেয়েছে সংবাদ সংস্থাটি।
২০২৬ বিশ্বকাপের ফাইনালের ভেন্যু যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নাম ফিফা ঘোষণা করেছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। সেই ফাইনাল অনুষ্ঠিত হয়েছে গত জুলাইয়ে।


