চীনকে নিয়ে কিরণের মন্তব্যে ক্ষুব্ধ বাটলার

নারী এশিয়ান কাপে চীনের বিপক্ষে বাংলাদেশের লড়াকু পারফরম্যান্স প্রশংসা কুড়ালেও ম্যাচটি ঘিরে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের একটি মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। তার বক্তব্যকে ‘ননসেন্স’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার।
চলমান নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধে দুই গোল হজম করলেও বিরতির পর আর গোল খায়নি ঋতুপর্ণা চাকমাদের দল। বিশ্বকাপের নিয়মিত অংশগ্রহণকারী দলের বিপক্ষে বাংলাদেশের এই প্রতিরোধ অনেকের নজর কেড়েছে।
তবে ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে মাহফুজা আক্তার কিরণ চীনা দলকে কিছুটা দুর্বল বলে মন্তব্য করেন। ঢাকায় সাংবাদিকদের তিনি বলেন, চীনের দলে বেশ কয়েকজন বয়স্ক ফুটবলার আছেন এবং তারা আগের মতো ছন্দে নেই। তার মতে, বাংলাদেশের প্রকৃত চ্যালেঞ্জ হবে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচে।
এই মন্তব্যে সন্তুষ্ট নন বাংলাদেশের কোচ পিটার বাটলার। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় কিরণের বক্তব্যের সমালোচনা করেন।
বাটলার বলেন, কোনো শক্তিশালী প্রতিপক্ষকে এভাবে খাটো করে দেখা ঠিক নয়। তার মতে, এ ধরনের মন্তব্য শুধু ভুলই নয়, প্রতিপক্ষের প্রতি অসম্মানও প্রকাশ করে।
তিনি বলেন, ‘চীনের মতো দলের সম্পর্কে এভাবে কথা বলা ঠিক নয়। তারা অত্যন্ত শক্তিশালী একটি দল এবং আন্তর্জাতিক ফুটবলে তাদের অবস্থান অনেক উঁচুতে। প্রতিপক্ষকে সম্মান দেখানো আমাদের দায়িত্ব।’
বাংলাদেশের ঘরোয়া লিগের উদাহরণ টেনে বাটলার বলেন, আন্তর্জাতিক পর্যায়ের ফুটবলকে স্থানীয় লিগের সঙ্গে তুলনা করা বাস্তবসম্মত নয়। তার ভাষায়, চীনা ফুটবলাররা ইউরোপের বড় ক্লাব ও লিগে খেলে থাকেন, ফলে তাদের মান ও অভিজ্ঞতা অনেক বেশি।
বাফুফের দায়িত্বশীল একজন কর্মকর্তা হিসেবে এমন মন্তব্য করা পেশাদারিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মনে করেন বাটলার। যদিও তিনি যোগ করেন, এই ধরনের মন্তব্য তার কাছে নতুন কিছু নয়।
নারী এশিয়ান কাপে বাংলাদেশের সামনে এখন পরবর্তী চ্যালেঞ্জ উত্তর কোরিয়া। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দল নিজেদের পরিকল্পনা নিয়েই এগোতে চাইছে বলে জানিয়েছেন কোচ।