শিরোপা জয়ের পরের ম্যাচেই হারল বার্সেলোনা

লা লিগার শিরোপা নিশ্চিত করার পর প্রথম ম্যাচেই ধাক্কা খেল বার্সেলোনা। দেপোর্তিভো আলাভেসের মাঠে যেয়ে ১-০ গোলে হেরে এসেছে রাশফোর্ড-লেভানডভস্কিরা।
বুধবার রাতে ভিতোরিয়া-গাস্তেইসের এস্তাদিও মেন্দিসোরোসায় ম্যাচের একমাত্র গোলটি করেন ইব্রাহিম দিয়াবাতে। প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে তৈরি হওয়া জটলার পর আন্তোনিও ব্লাঙ্কো হেডে বল ছয় গজ বক্সের দিকে ফেরান। কাছ থেকে বল জালে পাঠান ধারে খেলা ফরোয়ার্ড দিয়াবাতে।
এই জয়ে ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠে এসেছে আলাভেস। অবনমন এড়ানোর লড়াইয়ে এটি তাদের জন্য বড় স্বস্তির জয়। অন্যদিকে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করা বার্সেলোনার জন্য ম্যাচটি ছিল শিরোপা-উৎসবের পর প্রথম পরীক্ষা, যেখানে হান্সি ফ্লিকের দল প্রত্যাশিত ছন্দ দেখাতে পারেনি।
এদিকে লিগ শিরোপা নিশ্চিত হলেও লা লিগার অবনমন লড়াই এখন আরও জমাট। দুই রাউন্ড বাকি থাকতে অষ্টম স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ থেকে ১৯তম স্থানের জিরোনা পর্যন্ত ব্যবধান মাত্র ৫ পয়েন্ট। অর্থাৎ এখনো ১২টি দল গাণিতিকভাবে অবনমনের শঙ্কা থেকে পুরোপুরি মুক্ত নয়।
আলাভেসের জয়ের রাতে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে সেভিয়া ও এস্পানিওলও। তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের মাঠে ৩-২ গোলে জিতে টিকে থাকার পথে বড় পদক্ষেপ নিয়েছে সেভিয়া। ম্যাচের প্রথম ২০ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল তারা। তবে ওসো ও কিকে সালাসের গোলে বিরতির আগেই সমতা ফেরায় সেভিয়া। ৭২ মিনিটে আকর আদামস মৌসুমে নিজের দশম লা লিগা গোল করে এনে দেন মূল্যবান তিন পয়েন্ট।
এই জয়ে ১০ম স্থানে উঠেছে সেভিয়া। অবনমন অঞ্চল থেকে তাদের ব্যবধান এখন ৪ পয়েন্ট।
এস্পানিওলও ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে অবনমন অঞ্চল থেকে ৩ পয়েন্ট দূরে সরে গেছে। ৬৯ মিনিটে পেরে মিয়ার গোলে এগিয়ে যায় এস্পানিওল। যোগ করা সময়ে দ্বিতীয় গোল করেন কিকে গার্সিয়া। এই হার অ্যাথলেটিক বিলবাওর আগামী মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা পাওয়ার আশাকেও ধাক্কা দিয়েছে।
অন্য ম্যাচে গেতাফে ৩-১ গোলে মায়োর্কাকে হারিয়ে লা লিগায় নিজেদের জায়গা নিশ্চিত করেছে। মার্তিন সাতরিয়ানো করেন জোড়া গোল। তবে হারের পর মায়োর্কা এখন শুধু গোল ব্যবধানে অবনমন অঞ্চলের বাইরে আছে।
এদিকে রিয়াল ওভিয়েদো আগেই অবনমিত হয়েছে। তারা মাঠে না নেমেই নেমে গেছে, কারণ অন্য ম্যাচের ফল তাদের নিরাপদ অবস্থান থেকে ১০ পয়েন্ট দূরে ঠেলে দিয়েছে, হাতে ছিল মাত্র তিন ম্যাচ।
সব মিলিয়ে লিগের শেষ দুই রাউন্ডে শিরোপা নয়, বড় নাটক অপেক্ষা করছে টিকে থাকার লড়াই সহজ নয়।