২৩ বছরের সম্পর্কের ইতি, রিয়াল ছাড়ছেন কারভাহাল

রিয়াল মাদ্রিদের সঙ্গে দানি কারভাহালের দীর্ঘ সম্পর্ক শেষের পথে। চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলে ক্লাব ছাড়তে যাচ্ছেন রিয়াল অধিনায়ক। বার্নাব্যুতে নতুন চুক্তি না পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছর বয়সি এই ডিফেন্ডার। ফ্রি এজেন্ট হিসেবেই বার্নাব্যু ছাড়বেন তিনি বলে জানিয়েছে দ্য অ্যাথলেটিক।
কারভাহাল রিয়াল মাদ্রিদে এসেছিলেন ১০ বছর বয়সে, ২০০২ সালে। এরপর এক মৌসুমের জন্য বায়ার লেভারকুসেনে খেললেও তার ক্যারিয়ারের প্রায় পুরোটাজুড়েই ছিল মাদ্রিদ। রিয়ালের মূল দলের হয়ে ৪৪৮ ম্যাচ খেলেছেন তিনি। ১৩ মৌসুম ধরে সিনিয়র দলের নিয়মিত মুখ ছিলেন স্প্যানিশ এই রাইটব্যাক।
রিয়ালের হয়ে কারভাহালের অর্জন অবিশ্বাস্য। ২৬টি ট্রফি জিতেছেন তিনি, যার মধ্যে আছে ৪টি লা লিগা ও ৬টি চ্যাম্পিয়নস লিগ। ক্লাবের আধুনিক সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন এই ডিফেন্ডার। ২০২৪ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোলও করেছিলেন তিনি।
তবে গত দুই মৌসুম কারভাহালের জন্য কঠিন গেছে। ২০২৪ সালের অক্টোবরে ডান হাঁটুতে গুরুতর চোট পান তিনি। এসিএল, এলসিএল ও পোস্টেরোল্যাটারাল কর্নার ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৯ মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে। এরপরও ফিটনেস সমস্যায় ভুগেছেন। ডিসেম্বরে ডান হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচারের পর ফিরে আসার পর থেকে মাত্র দুবার পূর্ণ ৯০ মিনিট খেলেছেন।
এই মৌসুমে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায় আরও একটি কারণে। গত গ্রীষ্মে লিভারপুল থেকে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড যোগ দেওয়ার পর রিয়ালের প্রথম পছন্দের রাইটব্যাকের জায়গা হারান কারভাহাল। ট্রেন্ট নিজেও কিছু ফিটনেস সমস্যায় ভুগলেও পছন্দক্রমে কারভাহালের সামনে চলে যান।
কারভাহালের বিদায়ের পর রাইটব্যাক পজিশনে নতুন বিকল্প খুঁজছে রিয়াল। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, সম্ভাব্য নতুন কোচ হোসে মরিনিওর পক্ষ থেকেও ডিফেন্সিভ সাইনিংয়ের কথা ক্লাবকে জানানো হয়েছে। রাইটব্যাক পজিশনে ট্রেন্টের পেছনে দ্বিতীয় পছন্দের একজন খেলোয়াড় আনার ভাবনা আছে রিয়ালের।
এপ্রিলের সংবাদ সম্মেলনে রিয়ালের কোচ আলভারো আর্বেলোয়া বলেছিলেন, শুধু স্পেনের বিশ্বকাপ দলে কারভাহালের জায়গা পাওয়ার সুযোগ বাড়ানোর জন্য তাকে বাড়তি মিনিট দিতে পারবেন না। পরে অবশ্য তিনি মন্তব্যটি ব্যাখ্যা করে বলেন, সেটি ব্যক্তিগতভাবে কারভাহালকে উদ্দেশ করে বলা হয়নি এবং কারভাহাল রিয়ালের জন্য গুরুত্বপূর্ণ।
স্পেন জাতীয় দলের হয়েও কারভাহালের অবদান বড়। ৫২ ম্যাচ খেলেছেন তিনি, ২০২৪ ইউরোজয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তবে চোট, কম খেলার সময় এবং টটেনহামের পেদ্রো পোরোর উত্থানের কারণে ২০২৬ বিশ্বকাপে তার জায়গা পাওয়া এখন কঠিন হয়ে উঠেছে।
