‘রিয়ালের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, এখন সরাসরি সংঘাত’

মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, মাঠের বাইরেও সম্পর্কের তিক্ততা ক্রমেই বাড়ছে। আগামী রোববারের এল ক্লাসিকোর আগে সেই বিরোধে নতুন করে উত্তাপ ছড়িয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। রিয়াল মাদ্রিদের সঙ্গে এখন আর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, দুই ক্লাবের বিরোধকে সরাসরি সংঘাত বলেও মন্তব্য করেছেন বার্সা সভাপতি।
সোমবার (১৯ অক্টোবর) ফরাসি সংবাদমাধ্যম লেকিপে প্রকাশিত এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদ ও ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন লাপোর্তা। সেখানে তিনি দাবি করেন, নেগ্রেইরা মামলাকে সামনে এনে নিজেদের ব্যর্থতা থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে মাদ্রিদের ক্লাবটি।
রিয়ালের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে লাপোর্তা বলেন, ‘এখন আর কোনো সম্পর্ক নেই। আমি বরং বলব, এখন সরাসরি সংঘাত চলছে। তারা মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে।’
বার্সেলোনার বিরুদ্ধে ওঠা নেগ্রেইরা মামলার অভিযোগও আবার প্রত্যাখ্যান করেছেন লাপোর্তা। তার দাবি, এই বিতর্ককে কাজে লাগিয়ে বার্সেলোনার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে রিয়াল।
বার্সা সভাপতি বলেন, ‘তারা নেগ্রেইরা মামলার দিকে সবার মনোযোগ নিতে চায়। কিন্তু সেখানে আমাদের বিরুদ্ধে অভিযোগ করার মতো কিছু নেই। রিয়াল মাদ্রিদ প্রাতিষ্ঠানিক ও ক্রীড়াগত দুই দিক থেকেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আমার মনে হয়, তারা ভুল পথে এগিয়েছে এবং এখন তার মূল্য দিচ্ছে।’
এখানেই থামেননি লাপোর্তা। রিয়ালের সাম্প্রতিক দলবদল নীতি ও মাঠের পারফরম্যান্স নিয়েও কটাক্ষ করেছেন তিনি।
লাপোর্তার ভাষায়, ‘তারা অনেক দামি ফুটবলার কিনতে বিপুল অর্থ খরচ করেছে। কিন্তু প্রত্যাশিত ফল পাচ্ছে না। দুই বছর ধরে তারা কিছুই জেতেনি। অন্যদিকে আমরা জিতছি এবং সব শিরোপার জন্য লড়াই করছি।’
নেগ্রেইরা মামলাকে কেন্দ্র করেই সাম্প্রতিক সময়ে দুই ক্লাবের সম্পর্কের অবনতি ঘটেছে। স্পেনের রেফারিদের কারিগরি কমিটির সাবেক সহসভাপতি হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরার সঙ্গে বার্সেলোনার আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছে। এই ঘটনায় বার্সেলোনার বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠলেও ক্লাবটি বরাবরই তা অস্বীকার করে আসছে।
রিয়াল মাদ্রিদও বিষয়টি নিয়ে সরব রয়েছে। গত ১ অক্টোবর উয়েফার কাছে নেগ্রেইরা মামলাসংক্রান্ত বিপুল পরিমাণ নথিপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি। উয়েফাও জানিয়েছে, চলমান তদন্তের অংশ হিসেবে এসব নথি পর্যালোচনা করা হবে। অন্যদিকে লাপোর্তার অভিযোগ, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বার্সেলোনাকে বিতর্কিত করার চেষ্টা করছে চিরপ্রতিদ্বন্দ্বীরা।
মাঠের লড়াইয়ের আগেই দুই ক্লাবের শীর্ষ পর্যায়ে এমন উত্তেজনা নতুন কিছু নয়। তবে এবারের এল ক্লাসিকোর আগে বিরোধ আরও তীব্র হয়ে উঠেছে। আগামী রোববার (২৫ অক্টোবর) বার্সেলোনার মাঠে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সোমবার (২৬ অক্টোবর) রাত ২টায়। তার আগে লাপোর্তার এমন মন্তব্য দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে বাড়তি উত্তাপ যোগ করল।

