logo

ফিনালিসিমা বাতিল নিয়ে উয়েফা ও আর্জেন্টিনার পরস্পরবিরোধী দাবি

ফিনালিসিমা বাতিল নিয়ে উয়েফা ও আর্জেন্টিনার পরস্পরবিরোধী দাবি

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ বাতিল হওয়ার পর শুরু হয়েছে দোষারোপের পালা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং দক্ষিণ আমেরিকার সংস্থা কনমেবল—সবার বক্তব্যে উঠে এসেছে ভিন্ন ভিন্ন দাবি।

মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ২৭ মার্চ কাতারের দোহায় নির্ধারিত ভেন্যুতে ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। এরপর বিকল্প ভেন্যু ও নতুন তারিখ নির্ধারণে দীর্ঘ আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি।

এএফএ ও কনমেবল তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা শুরু থেকেই নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের পক্ষে ছিল। উয়েফার প্রস্তাব অনুযায়ী মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ আয়োজনের বিষয়টি তারা প্রত্যাখ্যান করে, কারণ সেটি নিরপেক্ষ মাঠ নয়।

পরে ইতালিতে ম্যাচ আয়োজনের সম্ভাবনাও উঠে আসে। আর্জেন্টিনা সে প্রস্তাব মেনে নিলেও তারিখ নিয়ে মতভেদ তৈরি হয়। উয়েফা ২৭ মার্চের প্রস্তাব দেয়, কিন্তু আর্জেন্টিনা ম্যাচটি ৩১ মার্চ আয়োজনের প্রস্তাব করে। উয়েফা জানায়, ওই তারিখে ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় ম্যাচটি বাতিল হয়ে যায়।

তবে স্পেনের সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে ভিন্ন দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ম্যাচটি আয়োজনের জন্য উয়েফা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন একাধিক বিকল্প প্রস্তাব দেয়, কিন্তু সেগুলোর বেশিরভাগই প্রত্যাখ্যান করেছে এএফএ।

প্রতিবেদন অনুযায়ী, স্পেন ম্যাচটি খেলতে আগ্রহী ছিল এবং রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামও সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রস্তুত ছিল। এমনকি দুই ফেডারেশনের মধ্যে টিকিটের আয়ের সমান ভাগাভাগির বিষয়েও আলোচনা হয়েছিল।

কিন্তু আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া শেষ পর্যন্ত সেই প্রস্তাবও গ্রহণ করেননি বলে দাবি করা হয়েছে।

এছাড়া ওই প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনা দলের কিছু তারকা ফুটবলার এমনকি লিওনেল মেসি ও তার সতীর্থরাও ম্যাচটি খেলতে আগ্রহী ছিলেন। তবে ফেডারেশন পর্যায়ের সিদ্ধান্তের কারণে ম্যাচটি আর আয়োজন করা সম্ভব হয়নি।

ফলে শেষ পর্যন্ত ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত এই লড়াই মাঠে গড়ানোর আগেই ভেস্তে গেল, আর দোষারোপের দ্বন্দ্বে জড়িয়ে পড়ল সংশ্লিষ্ট ফুটবল সংস্থাগুলো। 

সূত্র: টিওয়াইসি স্পোর্টস ও মার্কা