ভবিষ্যতের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
-ad78bb-720x405.webp)
ইয়ামাল-কুব্রাসিদের পর বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ তারকা কারা? সেই প্রশ্নের উত্তর খুঁজছে অনেকেই। তবে এবার সেই সন্ধানে যোগ দিয়েছেন স্বয়ং লিওনেল মেসি। ভবিষ্যৎে ফুটবলে রাজত্ব করতে পারে এমন ১০ তরুণ ফুটবলারের নাম সামনে এনেছেন সদ্য আর্জেন্টিনাকে বিদায় জানানো এই মহাতারকা।
মেসির বেছে নেওয়া এই দশ ফুটবলারের তালিকায় রয়েছেন আর্সেনালের ম্যাক্স ডাউম্যান, মেক্সিকোর গিলবার্তো মোরা ও নিজ দেশ আর্জেন্টিনার তোমাস আরান্দার মতো প্রতিশ্রুতিশীল ফুটবলাররা। জায়গা পেয়েছেন তিন নারী ফুটবলারও।
ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় পর্বে উঠে এসেছে এই ১০ ফুটবলারের নাম। রোববার (১১ অক্টোবর) প্রকাশিত একটি ভিডিওতে মেসিকে তাদের নাম লিখতে দেখা যায়।
মেসির বেছে নেওয়া ফুটবলারদের মধ্যে রয়েছেন তুরস্কের জান উজুন, স্পেনের হেসুস রদ্রিগেস ও নেদারল্যান্ডসের কেস স্মিটও। তবে আর্জেন্টিনায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বোকা জুনিয়র্সের ১৯ বছর বয়সী মিডফিল্ডার তোমাস আরান্দাকে নিয়ে। এবারের তালিকায় তিনিই একমাত্র আর্জেন্টাইন।
২০২৬ বিশ্বকাপের আগে আর্জেন্টিনা জাতীয় দলের প্রস্তুতি ও প্রীতি ম্যাচের সফরে ডাক পেয়েছিলেন আরান্দা। সেই সুবাদে মেসির সঙ্গে অনুশীলনের অভিজ্ঞতাও রয়েছে তার।
তালিকার আরেক আলোচিত নাম আর্সেনালের ১৬ বছর বয়সী ম্যাক্স ডাউম্যান। ইংলিশ ফুটবলের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি। বয়স কম হলেও এরই মধ্যে আর্সেনালের মূল দলে খেলার অভিজ্ঞতা হয়েছে তার।
a legacy to build on 🐐. the next chapter starts here. meet the rising stars of Messi +10, season 3. 💫 https://t.co/8DVfmTPaXW
— adidas Football (@adidasfootball) October 11, 2026
মেক্সিকোর গিলবার্তো মোরাও আছেন মেসির পছন্দের তালিকায়। তিহুয়ানার এই মিডফিল্ডার ২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর হয়ে খেলেছেন।
শুধু পুরুষ ফুটবলারদের মধ্যেই নিজের পছন্দ সীমাবদ্ধ রাখেননি মেসি। চেলসির ক্লোয়ি সারউই, লিওঁর জিওভানা ওয়াকসমান ও হামবুর্গের লোটা ভ্রেডেও জায়গা পেয়েছেন এবারের প্রচারণায়।
মেসির বেছে নেওয়া ১০ তরুণ ফুটবলার
১. তোমাস আরান্দা (আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স)
২. জান উজুন (তুরস্ক, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)
৩. গিলবার্তো মোরা (মেক্সিকো, তিহুয়ানা)
৪. ম্যাক্স ডাউম্যান (ইংল্যান্ড, আর্সেনাল)
৫. জেভিয়ার গোজো (যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস)
৬. হেসুস রদ্রিগেস (স্পেন, কোমো)
৭. কেস স্মিট (নেদারল্যান্ডস, এজেড আলকমার)
৮. ক্লোয়ি সারউই (ইংল্যান্ড, চেলসি)
৯. জিওভানা ওয়াকসমান (ব্রাজিল, লিওঁ)
১০. লোটা ভ্রেডে (জার্মানি, হামবুর্গ)
অ্যাডিডাসের ‘মেসি +১০’ উদ্যোগ অবশ্য নতুন নয়। ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া এই প্রচারণার প্রথম পর্বে ছিলেন বার্সেলোনার লামিনে ইয়ামাল। একই বছরের অক্টোবরে দ্বিতীয় পর্বে জায়গা পান নিকো পাজ, রিও এনগুমোহা ও আন্দ্রে সান্তোসের মতো তরুণ ফুটবলাররা। এবার তৃতীয় পর্বে সামনে আনা হলো আরও ১০ নতুন মুখকে।
-db649b.webp)