আল হিলালে বেনজেমা, শিরোপা লড়াইয়ে নতুন সমীকরণ

সৌদি প্রো লিগের শিরোপা দৌড়ে নতুন মোড় আনলেন ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। আল ইত্তিহাদ ছেড়ে আল হিলালে তার যোগ দেওয়ায় লিগের শক্তির ভারসাম্য যেমন বদলাচ্ছে, তেমনি বাড়ছে আল নাসরের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতার উত্তাপও। এই দলবদলকে ঘিরে সৌদি ফুটবলে নতুন সমীকরণ তৈরি হয়েছে, যা মৌসুমের বাকি সময় শিরোপা লড়াইকে আরও তীব্র করে তুলতে পারে।
ফরাসি ক্রীড়া দৈনিক ল’ইকিপ–এর প্রতিবেদনে কয়েক দিন আগেই ইঙ্গিত মিলেছিল, চুক্তির মেয়াদ শেষ হতে আরও ছয় মাস বাকি থাকলেও বেনজেমা আর আল ইত্তিহাদে ফিরবেন না। জানা যায়, চুক্তি নবায়ন নিয়ে ক্লাবের প্রস্তাব তার কাছে অসম্মানজনক মনে হওয়ায় তিনি সিদ্ধান্ত বদলান। এরপরই আল হিলাল তাকে দলে ভেড়াতে সক্রিয় হয় এবং শেষ পর্যন্ত এই চুক্তি সম্পন্ন হয়।
Karim Benzema is officially Hilali ️ pic.twitter.com/7YX5STm2z9
— AlHilal Saudi Club (@Alhilal_EN) February 2, 2026
এই দলবদলকে ঘিরে সৌদি লিগের আরেক তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নামও আলোচনায় উঠে এসেছে। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) অধীনে থাকা বিভিন্ন ক্লাবের মধ্যে বিনিয়োগ বৈষম্য নিয়ে আগে থেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন রোনালদো। বেনজেমার আল হিলালে যোগ দেওয়ার পর সেই বিতর্ক আরও জোরাল হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বেনজেমার আগমনে আল হিলালের বিদেশি খেলোয়াড় কোটাও পূর্ণ হয়ে গেছে, ফলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস লিওনার্দোর সম্ভাব্য ইউরোপগমন অনিশ্চয়তায় পড়েছে। অন্যদিকে বেনজেমার বিদায় ঢাকতে আল ইতিহাদ ইতোমধ্যে তরুণ ফরোয়ার্ড জর্জেস ইলেনিখেনাকে দলে ভেড়িয়েছে।
এই দলবদলের প্রভাব সৌদি প্রো লিগের শিরোপা লড়াইয়েও পড়তে পারে। ফেব্রুয়ারির মাঝামাঝি বেনজেমা নতুন ক্লাবের জার্সিতে সাবেক দল আল ইতিহাদের বিপক্ষে মাঠে নামবেন। মৌসুমের শেষ দিকে রিয়াদ ডার্বিতে আল হিলাল মুখোমুখি হবে আল নাসরের। তখন রোনালদো মাঠে থাকবেন কি না, সেটিও এখন আলোচনার বিষয়।
সব মিলিয়ে বেনজেমার এই ক্লাব বদল সৌদি ফুটবলে নতুন প্রতিদ্বন্দ্বিতা ও নাটকীয়তার সূচনা করেছে বলেই মনে করা হচ্ছে।