logo

ম্যাচ খেলতে গিয়ে হৃদরোগে মৃত্যু ২৫ বছরের ভারতীয় ফুটবলারের

ম্যাচ খেলতে গিয়ে হৃদরোগে মৃত্যু ২৫ বছরের ভারতীয় ফুটবলারের

ভারতের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ভারতের পাঞ্জাবে একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়ে ২৫ বছর বয়সি ডিফেন্ডার রবিন্দর সিংয়ের মৃত্যু হয়েছে।

রবিন্দর সিং ভারতের নামধারি এফসি ক্লাবের হয়ে খেলতেন। পাঞ্জাবের একটি স্থানীয় লিগ ম্যাচে অংশ নেওয়ার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা বুধবার তাকে মৃত ঘোষণা করেন।

পাঞ্জাবের লুধিয়ানা জেলার মাজরি গ্রামের বাসিন্দা ছিলেন রবিন্দর সিং। তার অকাল মৃত্যুতে পরিবার, সতীর্থ এবং স্থানীয় ফুটবল অঙ্গনে শোক নেমে আসে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিজ গ্রামেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

রবিন্দর সিংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব নামধারি এফসি এবং ইন্ডিয়ান ফুটবল লিগ (আইএফএল)।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় নামধারি এফসি লিখেছে, ‘এত অল্প বয়সে আমাদের একজন ফুটবলারের হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার অকাল প্রয়াণ ফুটবল পরিবারের জন্য বড় ক্ষতি। আল্লাহ তার আত্মাকে শান্তি দিন এবং তার পরিবারকে এই কঠিন সময়ে শক্তি দান করুন।’

অন্যদিকে আইএফএল জানিয়েছে, রবিন্দর সিং স্মরণে লিগের তৃতীয় সপ্তাহের প্রতিটি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

সূত্র: এনডিটিভি স্পোর্টস