Advertisement

বার্সেলোনায় ফিরলেন বুসকেটস

এশিয়া পোস্ট স্পোর্টস
বার্সেলোনায় ফিরলেন বুসকেটস
সার্জিও বুসকেটস। ছবি: এএস

খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় কাটিয়েছেন ক্যারিয়ারের সোনালি সময়। এবার ভিন্ন ভূমিকায় নিজের শৈশবের ক্লাবে ফিরছেন সার্জিও বুসকেটস। বার্সেলোনার রিজার্ভ দল বার্সা আতলেতিকের কোচিং স্টাফে যোগ দিয়েছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার।

Advertisement

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, বার্সা আতলেতিকের প্রধান কোচ জুলিয়ানো বেলেত্তির সহকারী হিসেবে কাজ করবেন বুসকেটস। একই সঙ্গে নিজের কোচিং কোর্সও সম্পন্ন করবেন তিনি।

বার্সেলোনার হয়ে ১৫ মৌসুম কাটানোর পর ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন বুসকেটস। সেখানে দুই বছর খেলার পর ২০২৫ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান। অবসরের পর এবার কোচিং ক্যারিয়ারের প্রথম ধাপ শুরু করতে ফিরলেন সেই বার্সেলোনাতেই।

তবে শুরুতেই মূল দলের দায়িত্বে নয়। স্প্যানিশ ফুটবলের চতুর্থ স্তর সেগুন্দা আরএফইএফে খেলা বার্সা আতলেতিকের সঙ্গে কাজ করবেন ৩৮ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার। রিজার্ভ দলকে ওপরের স্তরে তুলে আনার লড়াইয়ে বেলেত্তিকে সহায়তা করবেন তিনি।

এই পথ অবশ্য বুসকেটসের কাছে একেবারে অচেনা নয়। খেলোয়াড়ি জীবনের শুরুর দিকে পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনার রিজার্ভ দলের হয়ে খেলেছিলেন তিনি। সেই দল তৎকালীন তৃতীয় বিভাগ থেকে সেগুন্দা ডিভিশন বিতে উন্নীত হয়েছিল। পরে গার্দিওলাই তাকে মূল দলে তুলে এনে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারে পরিণত করেন।

এবার বুসকেটসের দায়িত্ব থাকবে লা মাসিয়া থেকে উঠে আসা তরুণদের গড়ে তুলতে সাহায্য করা। এব্রিমা তুনকারা, শেন ক্লুইভার্ট ও হামজা আবদেলকারিমের মতো প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে কাজ করবেন তিনি।

কোচিং ক্যারিয়ারে নিজের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে গার্দিওলা ও লুইস এনরিকেকে দেখেন বুসকেটস। দুজনের অধীনেই বার্সেলোনার হয়ে ট্রেবল জিতেছেন তিনি। গার্দিওলার অধীনে খেলেছেন ১৯১ ম্যাচ, আর লুইস এনরিকের অধীনে ১৫০ ম্যাচ।

বার্সেলোনার একাডেমি থেকে উঠে এসে ক্লাবটির হয়ে অসংখ্য শিরোপা জেতার পর এবার নতুন প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব নিচ্ছেন বুসকেতস। খেলোয়াড় হিসেবে যে পথ ধরে তিনি শীর্ষে উঠেছিলেন, কোচ হিসেবেও সেই পথের একেবারে গোড়া থেকেই শুরু হচ্ছে তার নতুন অধ্যায়।

বার্সেলোনায় ফিরলেন বুসকেটস