logo

ফোর্বসের তালিকায় শীর্ষে রিয়াল, মূল্য ছাড়াল ১ লাখ ১৬ হাজার কোটি টাকা

ফোর্বসের তালিকায় শীর্ষে রিয়াল, মূল্য ছাড়াল ১ লাখ ১৬ হাজার কোটি টাকা
রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

মাঠের পারফরম্যান্সে মৌসুমটা হতাশার হলেও আর্থিক শক্তিতে এখনও ফুটবল দুনিয়ার শীর্ষে রিয়াল মাদ্রিদ। ফোর্বসের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবের তালিকায় টানা পঞ্চমবার শীর্ষে আছে স্প্যানিশ জায়ান্টরা।

ফোর্বসের মূল্যায়নে রিয়াল মাদ্রিদের বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ১৬ হাজার ৭০০ কোটি টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার মূল্য প্রায় ৯২ হাজার ১০০ কোটি টাকা। অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে রিয়ালের মূল্য প্রায় ২৪ হাজার ৬০০ কোটি টাকা বেশি।

লা লিগা থেকে এই তালিকায় আছে মাত্র তিন ক্লাব। রিয়াল ও বার্সেলোনার পর স্পেন থেকে আছে আতলেতিকো মাদ্রিদ, যাদের মূল্য প্রায় ৩৬ হাজার ৯০০ কোটি টাকার কাছাকাছি। ফোর্বসের শীর্ষ দশে রিয়াল ও বার্সার পর আছে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, পিএসজি, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি ও টটেনহাম হটস্পার।

তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগের দাপট সবচেয়ে বেশি। শীর্ষ ৩০ ক্লাবের মধ্যে ১১টিই প্রিমিয়ার লিগের। এরপর সবচেয়ে বেশি প্রতিনিধি মেজর লিগ সকারের, যুক্তরাষ্ট্রের এই লিগ থেকে আছে সাতটি ক্লাব। সিরি আ থেকে চারটি, জার্মানি ও স্পেন থেকে তিনটি করে ক্লাব জায়গা পেয়েছে। ফ্রান্স ও পর্তুগাল থেকে আছে একটি করে ক্লাব।

ফোর্বসের প্রতিবেদনে রিয়াল মাদ্রিদের আয়ের দিকটিও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ২০২৪-২৫ মৌসুমে ক্লাবটির আয় ছিল প্রায় ১৫ হাজার ৬০০ কোটি টাকা, যা আগের মৌসুমের তুলনায় ১২ শতাংশ বেশি। ফুটবল ক্লাব হিসেবে এটি রেকর্ড আয়।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে না থাকলেও আর্থিক দাপটে রিয়ালই এখন ফুটবলের সবচেয়ে মূল্যবান ক্লাব। গত ১৩ বছরের মধ্যে ১০ বার ফোর্বসের এই তালিকার শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোসরা।

বার্সেলোনাও আর্থিকভাবে বড় মাইলফলক ছুঁয়েছে। খেলোয়াড় বিক্রির আয় বাদ দিলে গত মৌসুমে রিয়ালের বাইরে একমাত্র ফুটবল ক্লাব হিসেবে বার্সার আয়ও ১২ হাজার কোটি টাকার বেশি ছাড়িয়েছে।