পেনাল্টি মিস করা দিয়াজের পাশে দাঁড়ালেন এনরিকে

আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে কথা ছিল মরোক্কোর শিরোপার জন্য দীর্ঘ অপেক্ষার অবসান হবে। সবকিছু চলছিলও ঠিকভাবে তবে নাটকীয় সেই ফাইনালে ব্রাহিম দিয়াজের পেনাল্টি মিস কেবল ম্যাচের ফলই বদলায়নি—একে ঘিরে তৈরি হয়েছে তীব্র সমালোচনার ঝড়ও। সেই ঝড়ের মধ্যেই রিয়ালের এই খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে কঠোর ভাষায় সমালোচকদের জবাব দিলেন পিএসজি কোচ লুইস এনরিকে।
আফকন ফাইনালে সেনেগালের কাছে মরক্কোর হার ছিল বিতর্ক, উত্তেজনা ও বিশৃঙ্খলায় ভরা। ম্যাচের শেষ মুহূর্তে ব্রাহিম দিয়াজ ‘চিপ’ করে নেওয়া পেনাল্টি মিস করলে শিরোপা হাতছাড়া হয় মরক্কোর। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
এই পরিস্থিতিতে প্রকাশ্যে দিয়াজের পক্ষ নেন লুইস এনরিকে। স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘সে কোনো খুনি নয়, খারাপ মানুষও নয়।’
পিএসজি কোচ আরও বলেন, ‘ব্রাহিম অসাধারণ একজন খেলোয়াড়। আমি তাকে চিনি—আমি তাকে জাতীয় দলে ডেকেছিলাম। সে একজন ব্যতিক্রমী ফুটবলার এবং ভালো মানুষ। এই সমালোচনা অন্যায়। হারলে সেটা দুনিয়ার শেষ নয়—খেলাধুলায় জেতা-হারাটা স্বাভাবিক।’
এনরিকে জোর দিয়েছেন চরিত্র ও মূল্যবোধের ওপর। তার মতে, ‘তরুণদের সামনে কী বার্তা দেওয়া হচ্ছে—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন সে প্রচণ্ড চাপের মধ্যে আছে, তাই তাকে সম্মান দেওয়া উচিত।’
পেনাল্টির ধরন নিয়েও বিতর্ক উঠেছে। অনেকে বলছেন, ‘প্যানেনকা’ ধাঁচের এই শটটি ছিল বেপরোয়া বা এমনকি ইচ্ছাকৃত মিস। কিন্তু এনরিকে মনে করিয়ে দেন, ইতিহাসের সেরা ফুটবলাররাও এমন সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, ‘জিনেদিন জিদান বিশ্বকাপ ফাইনালেও এমন শট নিয়েছেন। সার্জিও রামোসও বড় ম্যাচে প্যানেনকা নিয়েছেন। এগুলো ঢুকলে সবাই প্রশংসা করে, মিস হলে সবাই সমালোচনা করে।’
এদিকে সেনেগাল গোলরক্ষক এদুয়ার্ড মেন্দি জোর দিয়ে বলেন, মিসটি ইচ্ছাকৃত হওয়ার প্রশ্নই আসে না। ‘এক মিনিট বাকি, ৫০ বছর পর একটা দেশ শিরোপার অপেক্ষায়—আপনি কি সত্যিই ভাবেন আমরা এমন সিদ্ধান্ত আগে থেকে ঠিক করেছিলাম? সে গোল করতে চেয়েছিল, আর আমি সেটা ঠেকিয়েছি—এর বেশি কিছু নয়।’