ভিনির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু উয়েফার

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বর্ণবাদী মন্তব্যের অভিযোগের ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখতে একজন নৈতিকতা ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ ম্যাচে বেনফিকা ও রিয়াল মাদ্রিদের লড়াই চলাকালে লিসবনের দা লুজ স্টেডিয়ামে এই বিতর্কের সৃষ্টি হয়। ম্যাচে গোল করার পর উদ্যাপনের সময় ভিনিসিয়ুস অভিযোগ করেন, বেনফিকার আর্জেন্টাইন মিডফিল্ডার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি তাকে বর্ণবাদী ভাষায় অপমান করেছেন। অভিযোগের পর ম্যাচে সাময়িকভাবে উয়েফার বর্ণবাদবিরোধী প্রোটোকল কার্যকর করা হয়।
উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য বৈষম্যমূলক আচরণের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
নৈতিকতা ও শৃঙ্খলা কমিটি ঘটনার ভিডিও ফুটেজ, ম্যাচ অফিসিয়ালদের প্রতিবেদন এবং সংশ্লিষ্ট খেলোয়াড়দের বক্তব্য বিশ্লেষণ করবে বলে জানা গেছে। রিয়াল ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে দাবি করেছেন, তিনি প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখ থেকে অপমানজনক শব্দ শুনেছেন। তবে প্রেস্টিয়ান্নি অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাস্থলে স্পষ্ট অডিও ভিজ্যুয়াল প্রমাণ না থাকায় উভয় দলের আরও কয়েকজন ফুটবলারের সাক্ষ্য নেওয়া হতে পারে।
উয়েফার শৃঙ্খলা বিধির ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বর্ণবাদ বা বৈষম্যমূলক মন্তব্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কমপক্ষে ১০ ম্যাচ নিষেধাজ্ঞাসহ কঠোর শাস্তি দেওয়া হতে পারে। প্রয়োজনে অতিরিক্ত আর্থিক জরিমানা বা অন্যান্য শাস্তিও আরোপের বিধান রয়েছে।
এই তদন্তের ফলাফলের ওপর নির্ভর করছে ঘটনাটির পরবর্তী পরিণতি, যা ইউরোপীয় ফুটবলে বর্ণবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।