logo

দুই বছর পর বেঞ্চেই রোনালদো, তবু পর্তুগালের জয়

দুই বছর পর বেঞ্চেই রোনালদো, তবু পর্তুগালের জয়
পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: গেটি ইমেজ

দুই বছর পর পর্তুগালের কোনো ম্যাচে শুরুর একাদশের বাইরে ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু বেঞ্চে শুরু করাই নয়, নরওয়ের বিপক্ষে পুরো ম্যাচেই মাঠে নামা হয়নি ৪১ বছর বয়সী তারকার। তবে অধিনায়ককে ছাড়াই উয়েফা নেশন্স লিগে ২-১ গোলের জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।

রোববার অসলোতে রোনালদোর জায়গায় আক্রমণের দায়িত্ব পান গনসালো রামোস। কোচ হোর্হে জেসুসের সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কাজে দিয়েছে। জয়সূচক গোলটিই করেছেন রামোস। অন্য গোলটি জোয়াও ফেলিক্সের। নরওয়ের হয়ে গোল করেছেন আর্লিং হালান্ড।

পর্তুগালের হয়ে রোনালদো সর্বশেষ বেঞ্চে ছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে স্কটল্যান্ডের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে। সেদিন অবশ্য বদলি নেমে ৮৮ মিনিটে জয়সূচক গোল করেছিলেন তিনি। এবার আর মাঠে নামার সুযোগ পাননি।

রোনালদো না থাকলেও ম্যাচের ১৭ মিনিটেই পর্তুগালকে এগিয়ে দেন ফেলিক্স। বক্সের প্রান্ত থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন তিনি। বিরতির পর ৫১ মিনিটে প্যাট্রিক বার্গের হেড থেকে কাছ থেকে বল জালে পাঠিয়ে নরওয়েকে সমতায় ফেরান হলান্ড।

তবে নরওয়ের সমতা বেশিক্ষণ টেকেনি। গোলরক্ষক অরিয়ান নাইল্যান্ডের ভুল পাস সরাসরি পেয়ে যান রামোস। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি পর্তুগিজ স্ট্রাইকার, গোলরক্ষকের ওপর দিয়ে বল তুলে দিয়ে করেন ২-১। পরে রামোস আরও একবার জালে বল পাঠালেও ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। রাফায়েল লেয়াওয়ের একটি শট ক্রসবারেও লাগে।

রোনালদোকে বাইরে রাখার সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন জেসুস। ওয়েলসের বিপক্ষে আগের ম্যাচে প্রায় ৭০ মিনিট খেলেছিলেন পর্তুগাল অধিনায়ক। অল্প বিরতিতে পরপর দুই ম্যাচে তাকে শুরু করানো ঠিক হবে না বলেই মনে করেছেন কোচ। ম্যাচের আগে জেসুস বলেন, ‘রোনালদো ওয়েলসের বিপক্ষে প্রায় ৭০ মিনিট খেলেছে। আমার মনে হয়েছে, পরপর দুই ম্যাচে তাকে শুরু করানো ঠিক হবে না। এই চার ম্যাচেই আমরা তাকে চাই, কয়েক মিনিটের জন্য হলেও তাকে মাঠে চাই।’

এই জয়ে নেশন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানেও শতভাগ শুরু ধরে রাখল পর্তুগাল। প্রথম ম্যাচে ওয়েলসকে ১-০ গোলে হারানোর পর নরওয়েকেও হারিয়ে ‘এ’ লিগের গ্রুপ ৪-এ টানা দ্বিতীয় জয় পেল জেসুসের দল।