logo
Advertisement

ফিফার ১৪ নিষেধাজ্ঞা কাটিয়ে মুক্ত বসুন্ধরা কিংস

এশিয়া পোস্ট স্পোর্টস
ফিফার ১৪ নিষেধাজ্ঞা কাটিয়ে মুক্ত বসুন্ধরা কিংস
বসুন্ধরা কিংস দল। ছবি: বসন্ধুরা কিংসের ফেসবুক থেকে নেওয়া

একের পর এক অভিযোগে নিষেধাজ্ঞার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১৪টিতে। নতুন খেলোয়াড় নিবন্ধন তো দূরের কথা, আসন্ন মৌসুমে অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে সব বাধা কাটিয়ে ফিফার নিবন্ধন নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে বসুন্ধরা কিংস।

Advertisement

বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়নদের ওপর থাকা শেষ নিষেধাজ্ঞাগুলো শুক্রবার রাতে প্রত্যাহার করা হয়। এরপর ফিফার নিবন্ধন নিষেধাজ্ঞার তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কিংসের নাম। ফলে নতুন মৌসুমের দলবদলে অংশ নেওয়া এবং খেলোয়াড় নিবন্ধনে ক্লাবটির সামনে আর কোনো ফিফা-সংক্রান্ত বাধা নেই।

সাবেক বিদেশি খেলোয়াড় ও কোচদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করায় কিংসের বিরুদ্ধে ফিফায় একের পর এক অভিযোগ জমা পড়ে। গত বছরের আগস্টে ক্লাবটির ওপর প্রথম নিষেধাজ্ঞা আসে। পরে আরও কয়েকটি অভিযোগ যুক্ত হওয়ায় পৃথক নিষেধাজ্ঞার সংখ্যা বেড়ে ১৪টিতে পৌঁছায়।

ফিফার নিবন্ধন নিষেধাজ্ঞা বহাল থাকলে কোনো ক্লাব নতুন খেলোয়াড় নিবন্ধন করাতে পারে না। একই সঙ্গে ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় ক্লাব লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়। ফলে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের নতুন মৌসুমে অংশগ্রহণ নিয়েও বড় শঙ্কা তৈরি হয়েছিল।

সমস্যা সমাধানে অভিযোগকারী খেলোয়াড় ও কোচদের সঙ্গে যোগাযোগ শুরু করে কিংস। বকেয়া অর্থ পরিশোধ ও প্রয়োজনীয় কাগজপত্র ফিফায় জমা দেওয়ার পর ধাপে ধাপে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার হতে থাকে। শুক্রবার রাতে শেষ নিষেধাজ্ঞাগুলোও উঠে যাওয়ায় দীর্ঘদিনের জটিলতার অবসান হয়েছে।

কিংসের জন্য কয়েক দফা ক্লাব লাইসেন্স পাওয়ার সময় বাড়িয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সর্বশেষ সময়সীমা ছিল ২৮ আগস্ট। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করতে না পারায় ক্লাবটিকে আরও চার দিন সময় দিয়েছে বাফুফে। নতুন সময়সীমা অনুযায়ী ১ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কিংসকে।

ঘরোয়া ফুটবলের দলবদল শেষ হবে ৩ সেপ্টেম্বর। ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন এই সময়ের মধ্যে দল গুছিয়ে খেলোয়াড় নিবন্ধন করতে পারবে কিংস। তবে দীর্ঘদিন দলবদল থেকে দূরে থাকায় শক্তিশালী দল গড়তে ক্লাবটির হাতে সময় খুব বেশি নেই।

কিংসের নিষেধাজ্ঞার কারণে ঘরোয়া মৌসুমের সূচিতেও পরিবর্তন আনতে হয়েছিল। লিগ চ্যাম্পিয়ন কিংস ও রানার্সআপ আবাহনীর মধ্যকার চ্যালেঞ্জ কাপ বাতিল করা হয়। ফেডারেশন কাপ ও লিগের সূচিও কয়েক দফা পিছিয়ে যায়। বর্তমানে ১৮ সেপ্টেম্বর নতুন লিগ শুরু করার পরিকল্পনা রয়েছে বাফুফের।

এদিকে ফিফার তালিকায় বাংলাদেশের আরও চারটি নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দুটি এবং ফেনী সকার ও ফকিরেরপুল ইয়ংমেন্সের একটি করে। ফকিরেরপুলের ওপর আগে দুটি নিষেধাজ্ঞা থাকলেও শুক্রবার একটি প্রত্যাহার করা হয়েছে।

ফিফার ১৪ নিষেধাজ্ঞা কাটিয়ে মুক্ত বসুন্ধরা কিংস