হ্যামস্ট্রিং চোটে বিশ্বকাপ অনিশ্চিত ব্রাজিল তারকা এস্তেভাওর

আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে বড় ধাক্কার মুখে পড়তে পারে ব্রাজিল। চোটের কারণে তরুণ ফরোয়ার্ড এস্তেভাওর অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে উঠেছে।
সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংলিশ ক্লাব চেলসির হয়ে খেলতে গিয়ে পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরিই এই শঙ্কার কারণ। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে চোট পান ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ম্যাচের ১৬ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এস্তেভাও। পরে ড্রেসিংরুমে তাকে বেশ ভেঙে পড়া অবস্থায় দেখা গেছে বলে জানিয়েছেন কোচ লিয়াম রোজেনিওর।
পরীক্ষায় তার চোটের মাত্রা গুরুতর বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেড ৪ ধরনের হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে সময় লাগতে পারে, ফলে জুনে শুরু হওয়া বিশ্বকাপের শুরুতেই তাকে পাওয়া কঠিন হতে পারে।
চলতি মৌসুমে চেলসির হয়ে দারুণ ছন্দে ছিলেন এস্তেভাও। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে করেছেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগেও সাত ম্যাচে তিন গোল করেছেন তিনি।
জাতীয় দলের জার্সিতেও সময়টা ভালো যাচ্ছিল তার। সাম্প্রতিক চার ম্যাচে করেছেন চার গোল। এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন এই তরুণ ফরোয়ার্ড।
বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে তার আগে সবচেয়ে বড় প্রশ্ন, এস্তেভাও কি সময়মতো সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন।