logo
Advertisement

হামজা-শমিতদের ছাড়াই শুরু হচ্ছে জাতীয় দলের ‘আসিয়ান কাপ’ ক্যাম্প

এশিয়া পোস্ট স্পোর্টস
হামজা-শমিতদের ছাড়াই শুরু হচ্ছে জাতীয় দলের ‘আসিয়ান কাপ’ ক্যাম্প
হামজা চৌধুরী ও শমিত সোম। ছবি: বাফুফে

বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর টমাস ডুলির প্রথম অনুশীলন ক্যাম্পে শুরু থেকে থাকছেন না হামজা চৌধুরী, শমিত সোম ও তারিক কাজীসহ বিদেশি লিগে খেলা ছয় ফুটবলার। ফিফা আসিয়ান কাপের প্রস্তুতির জন্য ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক দলটি গড়া হয়েছে দেশের লিগে খেলা ফুটবলারদের নিয়ে। তবে ছয়জনই পরে ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

Advertisement

মঙ্গলবার প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। নির্বাচিত ফুটবলারদের বুধবার ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। ডুলির অধীনে মাঠের অনুশীলন শুরু হবে বৃহস্পতিবার, ২৭ আগস্ট।

প্রাথমিক তালিকায় না থাকা বিদেশি লিগের ফুটবলাররা হলেন হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, কিউবা মিচেল, জায়ান আহমেদ ও ফাহামেদুল ইসলাম। নিজ নিজ ক্লাবের ব্যস্ততা শেষে তারা জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন।

২৮ সদস্যের দলে একমাত্র নতুন মুখ সৌরভ দেওয়ান। বাংলাদেশ ফুটবল লিগের সর্বশেষ মৌসুমের দ্বিতীয় পর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন এই ফরোয়ার্ড।

গোলরক্ষক আনিসুর রহমান জিকোকেও রেখেছেন ডুলি। তার সঙ্গে গোলপোস্ট সামলানোর লড়াইয়ে থাকবেন মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে এবারই প্রথম আয়োজিত হচ্ছে ফিফা আসিয়ান কাপ। ভারত নাম প্রত্যাহার করায় প্রতিযোগিতাটিতে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় চলবে টুর্নামেন্ট।

‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। অন্য গ্রুপে খেলবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। এই প্রতিযোগিতা দিয়েই বাংলাদেশের ডাগআউটে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ডুলির।

বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ ও আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন ও ইসা ফয়সাল।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন ও কাজেম শাহ।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, এস এম মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।

হামজা-শমিতদের ছাড়াই শুরু হচ্ছে জাতীয় দলের ‘আসিয়ান কাপ’ ক্যাম্প