logo
Advertisement

বড় দুঃসংবাদ পেলেন নেইমার

বড় দুঃসংবাদ পেলেন নেইমার
নেইমার জুনিয়র। ছবি: রয়টার্স

আবারও বড় ধাক্কা খেলেন নেইমার। পালমেইরাসের বিপক্ষে চোট পাওয়া সান্তোস তারকার ডান ঊরুতে টাইপ ২বি পেশির চোট ধরা পড়েছে। এই ধরনের চোট থেকে সেরে উঠতে চার থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। নেইমারের আগের চোটের ইতিহাস বিবেচনায় ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের ধারণা, প্রায় দুই মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

Advertisement

বুধবার কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে পালমেইরাসের মুখোমুখি হয়েছিল সান্তোস। প্রথমার্ধের শেষ দিকে ডান ঊরুতে অস্বস্তি অনুভব করেন নেইমার। ৪৩ মিনিটের দিকে বেঞ্চের দিকে সংকেতও দেন তিনি। বিরতির পর আর মাঠে ফেরেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচটি গোলশূন্য ড্র হয় এবং দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় সান্তোস।

পরীক্ষার পর জানা গেছে, নেইমারের ডান ঊরুর সামনের অংশের রেক্টাস ফেমোরিস পেশিতে চোট লেগেছে। ব্রাজিলের ‘গ্লোবো’ জানিয়েছে, এটি টাইপ ২বি পর্যায়ের পেশির চোট। সাধারণত এমন চোটে চার থেকে আট সপ্তাহ পর্যন্ত সময় লাগে। নেইমারের ক্ষেত্রে পুরো আট সপ্তাহই প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চোটের কারণে ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে ইন্টারন্যাসিওনালের বিপক্ষে সান্তোসের পরের ম্যাচে নেইমারের খেলা হচ্ছে না। পাশাপাশি কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে দুই লেগেও তাকে পাওয়ার সম্ভাবনা খুব কম। ম্যাচ দুটি হওয়ার কথা ৯ ও ১৬ সেপ্টেম্বর।

পালমেইরাসের বিপক্ষে মাত্র ৪৫ মিনিটে ছয়বার ফাউলের শিকার হয়েছিলেন নেইমার। তবে ‘গ্লোবো’র তথ্য অনুযায়ী, কোনো ফাউল থেকে সরাসরি এই চোট হয়নি। প্রথমার্ধের শেষ দিকে একটি মুভমেন্টের সময় পেশিতে সমস্যা অনুভব করেন তিনি।

ম্যাচের পর ভিলা বেলমিরোর মাঠের অবস্থারও তীব্র সমালোচনা করেছিলেন নেইমার। ম্যাচের আগেই মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। সান্তোস কর্তৃপক্ষও পরে স্বীকার করেছে, মাঠের বর্তমান অবস্থা আদর্শ নয় এবং মৌসুম শেষে পুরো ঘাস পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।

চোটের সঙ্গে নেইমারের লড়াই অবশ্য নতুন নয়। সান্তোসে ফেরার পর থেকে ঊরু, হাঁটু ও কাফসহ বিভিন্ন সমস্যায় নিয়মিতই মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। চলতি মৌসুমে এখন পর্যন্ত সান্তোসের হয়ে ২৫ ম্যাচে ৮ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা।