logo

চেলসির বিপক্ষে ম্যাচের আগে বড় সংকটে ম্যানচেস্টার ইউনাইটেড

চেলসির বিপক্ষে ম্যাচের আগে বড় সংকটে ম্যানচেস্টার ইউনাইটেড

চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধরনের রক্ষণভাগ সংকটে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটির আগে দলের মূল সেন্টার-ব্যাকদের প্রায় সবাই অনুপস্থিত থাকছেন।

দলের কোচ মাইকেল ক্যারিক এই ম্যাচে পাচ্ছেন না হ্যারি ম্যাগুয়ার, লিসান্দ্রো মার্টিনেজ ও ম্যাথাইস ডি লিগটকে। ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে এই তিন ডিফেন্ডার ছিটকে গেছেন দল থেকে।

সাম্প্রতিক ম্যাচগুলোতে নিয়মিত খেললেও লেনি ইয়োরোও লন্ডনে যাওয়া স্কোয়াডে নেই। তার অনুপস্থিতি নিশ্চিত হলে ইউনাইটেডের রক্ষণভাগ আরও দুর্বল হয়ে পড়বে।

এ অবস্থায় ১৯ বছর বয়সী আইডেন হেভেনই হতে পারেন একমাত্র ফিট সিনিয়র সেন্টার-ব্যাক, যাকে ভরসা করতে হবে কোচ ক্যারিকের। তবে জানুয়ারির পর থেকে তাকে নিয়মিত একাদশে দেখা যায়নি।

ম্যাগুয়ার অতিরিক্ত এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। অন্যদিকে লিসান্দ্রো মার্টিনেজ লাল কার্ড পাওয়ার পর তিন ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন। ডি লিগট দীর্ঘদিন ধরেই পিঠের চোটে মাঠের বাইরে।

তবে মাঝমাঠে কিছুটা স্বস্তির খবর রয়েছে। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে দলে ফিরতে পারেন তরুণ মিডফিল্ডার কোবি মাইনু।

সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রক্ষণভাগে বড় সংকট ইউনাইটেডের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।