বার্সা ছাড়তে পারেন লেভানডভস্কি

বার্সেলোনায় রবার্ট লেভানডফস্কির সফল অধ্যায় শেষের পথে। চলতি মৌসুম শেষে কাতালান ক্লাবটি ছাড়তে পারেন পোলিশ স্ট্রাইকার। বয়স বাড়লেও গোলের সামনে এখনও কার্যকর পোলিশ গোল মেশিন, তবে ক্যাম্প ন্যুতে আক্রমণভাগে নতুন প্রজন্মের নেতৃত্ব আনার পরিকল্পনা করছে বার্সেলোনা।
বিবিসি স্পোর্টে গিয়েম বালাগের কলামের বরাতে গোল ডটকম জানিয়েছে, মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন লেভানডফস্কি। ২০২২ সালে বার্সায় যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে প্রায় ১২০ গোল করেছেন তিনি। ক্লাবের হয়ে তার সময়টা ছিল সাফল্যে ভরা। তবে আগামী মৌসুমের শুরুতে তার বয়স হবে ৩৮।
বার্সেলোনা তাকে আরও এক বছর রাখার পথ খোলা রেখেছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে সেই প্রস্তাবে ছিল বেতন কমানোর শর্ত এবং দলে আগের চেয়ে সীমিত ভূমিকা। সেটি লেভানডফস্কির কাছে আকর্ষণীয় মনে হয়নি।
লেভানডফস্কিকে দলে নিতে আগ্রহী ইউরোপের কয়েকটি বড় ক্লাব। প্রতিবেদনে বলা হয়েছে, জুভেন্টাস ও এসি মিলান ফ্রি এজেন্ট হিসেবে তাকে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। মেজর লিগ সকারের ক্লাব শিকাগো ফায়ারের আগ্রহের কথাও শোনা গিয়েছিল, তবে আপাতত ইউরোপেই থাকতে চান পোলিশ ফরোয়ার্ড।
লেভানডফস্কির সম্ভাব্য বিদায়ের কথা মাথায় রেখে নতুন স্ট্রাইকার খুঁজছে বার্সেলোনা। তাদের প্রধান লক্ষ্য হিসেবে উঠে এসেছে জুলিয়ান আলভারেজের নাম। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে আক্রমণভাগের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখছে কাতালানরা।
তবে আলভারেজকে দলে নেওয়া সহজ হবে না। আতলেতিকো মাদ্রিদ তাকে প্রায় ১২০ মিলিয়ন ইউরো মূল্যায়ন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর্থিক সীমাবদ্ধতায় থাকা বার্সেলোনার জন্য এমন চুক্তি সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ হতে পারে।
এদিকে মৌসুমের শেষ ভাগে বার্সেলোনার হয়ে নিজের অধ্যায়টা ভালোভাবে শেষ করতে চাইবেন লেভানডফস্কি। হানসি ফ্লিকের দল টানা দ্বিতীয় লা লিগা শিরোপার দৌড়ে আছে। আগামী ২ মে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।
.png)

