বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিং চোটে এমবাপ্পে

বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে চোটে পড়েছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। সোমবার (২৭ এপ্রিল) রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ফরাসি ফরোয়ার্ডের বাঁ পায়ের সেমিটেনডিনোসাস মাংসপেশিতে চোট ধরা পড়েছে।
শুক্রবার রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার ১-১ ড্র ম্যাচে চোট পান এমবাপ্পে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই চোটের কারণে রিয়াল মাদ্রিদের চলতি মৌসুমের বাকি অংশে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, ক্লাবের মেডিকেল সার্ভিসের পরীক্ষার পর এমবাপ্পের বাঁ পায়ের সেমিটেনডিনোসাস মাংসপেশিতে চোট ধরা পড়েছে। তার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।
রিয়াল মাদ্রিদের সামনে এখন এস্পানিওল ও বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ লা লিগা ম্যাচ রয়েছে। তবে দলটি এরই মধ্যে কঠিন মৌসুম কাটাচ্ছে। ৩৩ ম্যাচ শেষে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও বায়ার্ন মিউনিখের কাছে বিদায় নিয়েছে রিয়াল।
ফ্রান্সের জন্যও এমবাপ্পের চোট বড় দুশ্চিন্তার কারণ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। তার আগে দলের সবচেয়ে বড় তারকার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো।