logo
Advertisement

বয়কটের ডাকেও ভারতে ম্যাচে খেলতে অনড় ব্রাজিল

এশিয়া পোস্ট স্পোর্টস
বয়কটের ডাকেও ভারতে ম্যাচে খেলতে অনড় ব্রাজিল
ব্রাজিল ফুটবল দল। ছবি: রয়টার্স

প্রথমে বয়কটের ডাক, এরপর মাঠ নিয়ে শঙ্কা। তবু পরিকল্পনা বদলাচ্ছে না ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলতে আসার সিদ্ধান্তে অনড় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Advertisement

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতে চলতে থাকা বিতর্কে তারা উদ্বিগ্ন নয়। এরই মধ্যে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এবং সূচিতে কোনো পরিবর্তনের কথাও ভাবছে না ব্রাজিল।

ভারতের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়ার আহ্বানের পরই ম্যাচটি নিয়ে বয়কটের আলোচনা জোরালো হয়। একটি প্রীতি ম্যাচের পেছনে বড় অঙ্কের অর্থ ব্যয় না করে সেই টাকা তৃণমূল ফুটবল ও দীর্ঘমেয়াদি অবকাঠামো উন্নয়নে খরচ করার দাবি তার।

সমর্থকদের উদ্দেশে ভুটিয়া বলেছিলেন, ‘ব্রাজিল ম্যাচটি বয়কট করুন। সেটি বড় একটি বার্তা দেবে। তখন প্রত্যেক আয়োজক ও ফেডারেশন দ্বিতীয়বার ভাববে।’

বয়কটের আলোচনার মধ্যেই বৃহস্পতিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠ পরিদর্শন করেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা। মাঠে ঘাসের ঘনত্ব কম থাকা এবং তাতে খেলোয়াড়দের চোটের ঝুঁকি তৈরি হতে পারে বলে খবর ছড়িয়েছিল।

সিবিএফের ঘনিষ্ঠ সূত্র অবশ্য এটিকে নিয়মিত সতর্কতামূলক পর্যবেক্ষণ বলেছে। তাদের দাবি, মাঠ নিয়ে দেওয়া পরামর্শকে প্রয়োজনের চেয়ে বড় করে দেখা হয়েছে। এতে ম্যাচের সূচি কিংবা ব্রাজিলের ভারত সফরের পরিকল্পনায় কোনো প্রভাব পড়বে না।

ভারতে যাওয়ার পেছনে ফুটবলের পাশাপাশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতার কথাও জানিয়েছেন ব্রাজিল দলের সমন্বয়ক রদ্রিগো কায়েতানো। তার ভাষায়, ‘ভারতের বিপক্ষে ম্যাচটির ক্রীড়াগত দিক আছে। একই সঙ্গে বিশ্বকাপে ব্রাজিলকে ভারতীয়রা যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতাও রয়েছে। সেখানে গিয়ে তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ভালো একটি ম্যাচ খেলতে চাই।’

ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচের জন্যই উদ্বোধনী ফিফা-আসিয়ান কাপে না খেলার সিদ্ধান্ত নেয় ভারত। পরবর্তী সময়ে তাদের জায়গায় বাংলাদেশকে প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে ফিফা। ভারতের সেই সিদ্ধান্তও দেশটির ফুটবল অঙ্গনে সমালোচনা বাড়িয়েছে।

তবে বয়কটের ডাক কিংবা মাঠ নিয়ে শঙ্কা, কোনোটিই এখন পর্যন্ত ব্রাজিলকে টলাতে পারেনি। সবকিছু ঠিক থাকলে ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামেই মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল।

বয়কটের ডাকেও ভারতে ম্যাচে খেলতে অনড় ব্রাজিল