logo
Advertisement

হালান্ডের গোলের খেসারত দিলেন দুই ভিডিও রেফারি

হালান্ডের গোলের খেসারত দিলেন দুই ভিডিও রেফারি
ম্যানচেস্টার ডার্বিতে আর্লিং হালান্ডের জয়সূচক গোল বৈধ ঘোষণার ভুলের পর ভিডিও রেফারি ম্যাট ডোনোহু ও সহকারী ব্লেক অ্যান্ট্রোবাসকে পরবর্তী রাউন্ডের দায়িত্ব দেওয়া হয়নি। ছবি: রয়টার্স

ম্যানচেস্টার ডার্বিতে আর্লিং হালান্ডের বিতর্কিত গোল বৈধ ঘোষণার ভুলের পর শাস্তির মুখে পড়েছেন দায়িত্বে থাকা দুই ভিডিও রেফারি। ম্যাট ডোনোহু ও তার সহকারী ব্লেক অ্যান্ট্রোবাসকে প্রিমিয়ার লিগের পরবর্তী রাউন্ডের কোনো ম্যাচে দায়িত্ব দেওয়া হয়নি।

রোববার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের একমাত্র গোলটি করেন হালান্ড। মাঠে সহকারী রেফারি প্রথমে অফসাইডের পতাকা তুললেও ভিডিও পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়।

হালান্ড নিজে অনসাইডে থাকলেও একই আক্রমণে অফসাইড অবস্থানে থাকা এনজো ফার্নান্দেজ বল খেলার চেষ্টা করেছিলেন। তার ঠিক পাশেই ছিলেন ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। কিন্তু ভিডিও রেফারি ডোনোহু কেবল হালান্ডের অবস্থান যাচাই করে ফার্নান্দেজের প্রভাব যথাযথভাবে বিবেচনা করেননি।

ইংল্যান্ডের রেফারিং সংস্থা প্রো রেফ পরে স্বীকার করে, গোলটি দেওয়ার প্রক্রিয়ায় ‘বিচারবোধের ভুল’ হয়েছিল। তাদের মতে, ফার্নান্দেজ প্রতিপক্ষের খেলায় প্রভাব ফেলেছেন কি না, সেই বিষয়টি মাঠের রেফারি মাইকেল অলিভারকে মনিটরে গিয়ে দেখার সুযোগ দেওয়া উচিত ছিল।

এরপর প্রধান রেফারিং কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব ও তার ব্যবস্থাপনা দল ডোনোহু ও অ্যান্ট্রোবাসকে পরবর্তী সপ্তাহের প্রিমিয়ার লিগের দায়িত্ব থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক বিরতির পর তাদের দায়িত্ব দেওয়ার বিষয়টি আবার বিবেচনা করা হবে। চলতি মৌসুমে রেফারিং ভুলের কারণে কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে রাখার এটিই প্রথম ঘটনা।

ভুলের বিষয়টি স্বীকার করে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গেও যোগাযোগ করেছে প্রো রেফ। তবে সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করা হলেও ম্যাচের ফল পরিবর্তনের কোনো সুযোগ নেই। হালান্ডের গোলেই ১০ জনের ম্যানচেস্টার সিটি ডার্বি জেতে ১-০ ব্যবধানে।