logo

পেটের অসুস্থতা নিয়েই মাঠে রোনালদো, পরে বমি করে ছাড়লেন মাঠ

পেটের অসুস্থতা নিয়েই মাঠে রোনালদো, পরে বমি করে ছাড়লেন মাঠ

পেটের সমস্যায় ভুগছিলেন, শরীরও ছিল ক্লান্ত তবু মাঠে নেমেছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। অসুস্থ শরীর নিয়েই খেলেই তার ক্লাব আল নাসরের জয়ে অবদানও রাখলেন সিআরসেভেন।

সৌদি প্রো লিগে আল নাসরের ১-০ ব্যবধানে আল ইত্তিফাককে হারানোর ম্যাচে এমন দৃশ্যই দেখা গেল পর্তুগিজ এই তারকার ক্ষেত্রে।

ম্যাচ শেষে জানা যায়, রোনালদো পুরো সময়টাই শারীরিক অস্বস্তিতে ছিলেন। বদলি হয়ে মাঠ ছাড়ার পর সরাসরি ড্রেসিংরুমে গিয়ে বমিও করেন তিনি।

আল নাসরের কোচ হোর্হে হেসুস বলেন, ‘আমি তাকে দলে রাখব কি না ভাবছিলাম, কারণ সে ভালো অবস্থায় ছিল না। তার পেটে ব্যথা ছিল, শরীরও ক্লান্ত ছিল। বদলি হওয়ার পরই সে ড্রেসিংরুমে গিয়ে বমি করে।’

৪১ বছর বয়সী রোনালদো এদিন গোল করতে পারেননি, তবে দলের একমাত্র গোলের পেছনে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। প্রথমার্ধে তার দূরপাল্লার শট প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে গোল করেন কিংসলে কোমান।

এর বাইরে রোনালদোর একটি শট পোস্টে লেগে ফিরে আসে, আরেকটি নিশ্চিত গোললাইন থেকে ক্লিয়ার করা হয়।

এই জয়ে লিগে টানা ১৫তম জয় তুলে নেয় আল নাসর, যা ক্লাবের নতুন রেকর্ড। একই সঙ্গে ২০১৮-১৯ মৌসুমের পর প্রথম শিরোপার লড়াইয়েও নিজেদের অবস্থান আরও মজবুত করেছে তারা।

বর্তমানে শীর্ষে থাকা আল নাসর নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে রয়েছে, যদিও তাদের একটি ম্যাচ কম খেলা।

ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকেও পিছিয়ে নেই রোনালদো। চলতি মৌসুমে লিগে তার গোল সংখ্যা ২৪, যা তাকে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে রেখেছে।