বিশ্বকাপের আগে রোনালদোকে যে বার্তা দিলেন পর্তুগালের কোচ

ফিফা ফুটবল বিশ্বকাপের মঞ্চ যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার পর্তুগালের কৌশলগত অবস্থান। অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো দলটির সবচেয়ে বড় তারকা। তবে কোচ রবার্তো মার্তিনেজ পরিষ্কার করে দিয়েছেন যে, ২০২৬ বিশ্বকাপে নামের ভারে কেউ একাদশে থাকবেন না। প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতেও তিনি প্রস্তুত।
দলের অধিনায়ক ও সর্বকালের সেরা গোলদাতাকে তিনি পুরোপুরি সমর্থন করলেও পারফরম্যান্সের মান কমলে বেঞ্চে বসাতে দ্বিধা করবেন না বলে জানিয়েছেন।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ ব্যাখ্যা করেছেন, আজকের রোনালদো ২১ বছর আগের রোনালদো নন, তিনি এখন অনেক বেশি পজিশনাল স্ট্রাইকার ও নির্ভরযোগ্য ফিনিশার। পর্তুগালের হয়ে ২২৬ ম্যাচে ১৪৩ গোল করা এই ফরোয়ার্ড সাম্প্রতিক সময়ে ৩০ ম্যাচে ২৫ গোল করেছেন, যা কোচের মতে ‘দলের জন্য উপহারস্বরূপ।’
তবে মার্তিনেজের জোর কেবল অতীতের অর্জনে নয়, বর্তমান প্রতিশ্রুতিতে। তার ভাষায়, কমিটমেন্ট ও অ্যাটিটিউডই আসল। যে খেলোয়াড়ের এগুলো নেই, সে জাতীয় দলে ডাক পায় না। মাঠে রোনালদো প্রতিপক্ষের ডিফেন্ডারদের টেনে নেয়, জায়গা তৈরি করে। শুধু তাই নয়, তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে এ বিষয়গুলোকে তিনি বিশেষ গুরুত্ব দেন।
সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে এখনো ধারাবাহিক পারফরম্যান্স করা রোনালদোর কাজের নীতি নিয়ে কোচ প্রশংসা করেছেন। মার্তিনেজ বলেন, আমরা প্রতিদিন অধিনায়কসহ সব খেলোয়াড়কে মূল্যায়ন করি একই মানদণ্ডে। এখন পর্যন্ত সে সেই মান ধরে রেখেছে।
তবু প্রশ্ন উঠেছে, প্রয়োজনে কি রোনালদোকে বাদ দেওয়া হবে? জবাবে কোচ বলেছেন, কঠিন সিদ্ধান্ত নেওয়াই আমার কাজ। সবচেয়ে বড় কথা হলো দল জিতবে, ব্যক্তির নাম নয়।
বিশ্বকাপে পর্তুগালের পথচলা
২০২৬ বিশ্বকাপে পর্তুগাল পড়েছে গ্রুপ কে-তে।
- ১৭ জুন, হিউস্টন (NRG Stadium): আন্তঃমহাদেশীয় প্লে-অফ বিজয়ীর বিপক্ষে প্রথম ম্যাচ।
- এরপর টেক্সাসে উজবেকিস্তান।
- গ্রুপের শেষ ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে।


