রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনোকে আদালতে নিচ্ছে বার্সেলোনা

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে বার্সেলোনার দ্বন্দ্ব এবার গড়াচ্ছে আদালতে। কাতালান ক্লাবের করা মানহানিসংক্রান্ত সমঝোতার আবেদনের পর আগামী ২৫ নভেম্বর মাদ্রিদের আদালতে হাজির হতে বলা হয়েছে দুই পক্ষকে।
মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে হবে সমঝোতা শুনানি। সেখানে ফ্লোরেন্তিনোর কাছে তার আগের বক্তব্য প্রত্যাহারের দাবি জানাবে বার্সেলোনা।
গত মে মাসে এক সংবাদ সম্মেলনে নেগ্রেইরা কাণ্ড নিয়ে কড়া মন্তব্য করেছিলেন রিয়াল সভাপতি। বিষয়টিকে তিনি “ব্যবস্থাগত দুর্নীতি” বলে উল্লেখ করেন এবং এটিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি হিসেবেও বর্ণনা করেন। একই সঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে উয়েফার কাছে প্রায় ৫০০ পৃষ্ঠার নথি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রিয়াল।
ফ্লোরেন্তিনোর ওই বক্তব্যে ক্ষুব্ধ হয় বার্সেলোনা। ক্লাবটির দাবি, তার মন্তব্যগুলো মিথ্যা, মানহানিকর এবং বার্সেলোনার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
এরপর জুনে আনুষ্ঠানিক বিবৃতিতে আইনি পদক্ষেপের কথা জানায় বার্সা। স্প্যানিশ দণ্ডবিধির ২০৫ নম্বর ধারায় মানহানির অভিযোগ দায়েরের আগে প্রয়োজনীয় সমঝোতা প্রক্রিয়া শুরু করে তারা।
বার্সেলোনার বক্তব্য পরিষ্কার, ২৫ নভেম্বরের শুনানিতে ফ্লোরেন্তিনো নিজের বক্তব্য প্রত্যাহার না করলে পরবর্তী ধাপে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করবে ক্লাবটি। শুনানিতে রিয়াল সভাপতি উপস্থিত না হলেও একই পথে এগোনোর কথা জানিয়েছে তারা।
এর আগে বার্সেলোনার সহসভাপতি রাফায়েল ইউস্তে অভিযোগ করেছিলেন, ক্লাবকে অস্থিতিশীল করতেই ফ্লোরেন্তিনো মানহানিকর বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছিলেন, বার্সেলোনার নাম ও মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা হলে আইনি পথেই তার জবাব দেওয়া হবে।
নেগ্রেইরা কাণ্ড ঘিরে দুই স্প্যানিশ জায়ান্টের টানাপোড়েন নতুন নয়। তবে এবার প্রথমবারের মতো ফ্লোরেন্তিনো ও বার্সেলোনাকে মুখোমুখি হতে হচ্ছে আদালতের সমঝোতা প্রক্রিয়ায়। ২৫ নভেম্বরের শুনানিই ঠিক করতে পারে দ্বন্দ্বটি সমঝোতায় থামবে, নাকি গড়াবে ফৌজদারি মামলায়।
-8abf8a.webp)