বার্সা ম্যাচে পুবিলের হ্যান্ডবল, সিদ্ধান্ত ঘিরে নতুন বিতর্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের বার্সা-অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচে ৫৪ মিনিটের একটি মুহূর্তই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। অ্যাটলেটি ডিফেন্ডার পুবিলের একটি স্পর্শ, যা অনেকের চোখে স্পষ্ট হ্যান্ডবল কিন্তু রেফারির সিদ্ধান্তে সেটি হয়ে যায় ‘নট ইন প্লে’। আর সেখান থেকেই শুরু বিতর্ক।
ঘটনাটি ঘটে যখন অ্যাটলেটিকো নিজেদের লিড ধরে রাখার চেষ্টা করছে। গোলরক্ষক হুয়ান মুসো বলটি পায়ে খেলার জন্য সামনে এগিয়ে দেন। সেই সময় পুবিল বল হাতে থামিয়ে আবার খেলায় ফেরান। সাধারণ নিয়মে এটি পেনাল্টি হতে পারত। কিন্তু ম্যাচ রেফারি ইস্তভান কোভাচ মনে করেন, তখনও বল পুরোপুরি খেলায় ফেরেনি।
এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা স্পষ্ট পেনাল্টি। দ্বিতীয় হলুদ কার্ড হয়ে লাল কার্ডও হতে পারত। আমি বুঝতে পারছি না ভিএআর কেন হস্তক্ষেপ করল না।’
অন্যদিকে অ্যাটলেটিকোর গোলরক্ষক মুসো ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার মতে, ‘বল তখন খেলায় ছিল না। রেফারির সিদ্ধান্তই শেষ কথা। এই একটি ঘটনায় পুরো ম্যাচ বিচার করা ঠিক হবে না।’
কোচ দিয়েগো সিমিওনেও সরাসরি বিতর্কে না গিয়ে ‘কমন সেন্স’-এর কথা বলেছেন। তার ভাষায়, খেলোয়াড় ও রেফারি যদি মনে করেন খেলা শুরু হয়নি, তাহলে সেটাই ধরা উচিত।
এই ধরনের ঘটনা নতুন নয়। কয়েক মৌসুম আগে আর্সেনাল ও বায়ার্ন ম্যাচেও প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে হ্যান্ডবল হলেও পেনাল্টি দেওয়া হয়নি। আবার অ্যাস্টন ভিলার একটি ম্যাচে একই ধরনের ভুলে সরাসরি পেনাল্টি দেওয়া হয়েছিল।
ফলে নিয়মের ব্যাখ্যা এবং প্রয়োগ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এক ম্যাচে যা পেনাল্টি, অন্য ম্যাচে তা নয় কেন—এই প্রশ্নই এখন ঘুরছে ফুটবল মহলে।
বার্সেলোনা-অ্যাটলেটিকো ম্যাচের ফল বদলায়নি এই সিদ্ধান্তে, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে রেফারিং ও ভিএআর এর ভূমিকা।