logo

ভিয়েতনাম ম্যাচ বাংলাদেশের জন্য বড় পরীক্ষা: কাবরেরা

ভিয়েতনাম ম্যাচ বাংলাদেশের জন্য বড় পরীক্ষা: কাবরেরা

আসন্ন আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে আত্মবিশ্বাস গড়ে তোলার লক্ষ্য নিয়েই ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়াকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা।

কাবরেরা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন অফিসিয়াল ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া। ভিয়েতনামের বিপক্ষে খেলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেললে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।’

ভিয়েতনাম দলে ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের উপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি। কাবরেরা বলেন, ‘জুয়ান সন এবং আরেক ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড় হোয়াং হেনকে নিয়ে তাদের দল খুবই শক্তিশালী। আমরা চাই, তাদের পূর্ণ শক্তির দলটির বিপক্ষেই খেলতে।’

এদিকে দলে সদ্য যোগ দেওয়া হামজার অবস্থা নিয়েও কথা বলেন কোচ। 

‘হামজা গতকাল বিকেলে এসেছে। সে ভালো আছে, তবে আবহাওয়া ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। ম্যাচে তার খেলা নিয়ে আমরা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেব,’—যোগ করেন তিনি।

অন্যদিকে, দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচটিকে কঠিন বলেই মনে করছেন। তবে দলের উন্নতির ধারায় তিনি আশাবাদী। তিনি বলেন, ‘এটা কঠিন ম্যাচ হবে, কিন্তু আমরা উন্নতি করছি। আমাদের বিশ্বাস, আমরা ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

সব মিলিয়ে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচটিকে কেবল একটি লড়াই নয়, বরং নিজেদের প্রস্তুতি ও আত্মবিশ্বাস যাচাইয়ের মঞ্চ হিসেবেই দেখছে বাংলাদেশ দল।