চোটে মৌসুম শেষ তবে বিশ্বকাপের আগে ফিরবেন ইয়ামাল

স্পেন ও বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল মৌসুমের বাকি সময় আর মাঠে নামতে পারবেন না। তবে স্বস্তির খবর, আসন্ন বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।
১৮ বছর বয়সি এই ফুটবলার বুধবার সেল্টা ভিগোর বিপক্ষে ১-০ গোলের জয়ে খেলতে নেমে চোটে পড়েন। ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার পরপরই তিনি বেঞ্চের দিকে ইশারা করেন এবং কিছুক্ষণের মধ্যেই মাঠে পড়ে যান। বাম পায়ের হ্যামস্ট্রিং চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাকে। পরে চিকিৎসাকর্মীরা তাকে মাঠের বাইরে নিয়ে যান।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা বৃহস্পতিবার জানায়, ইয়ামালের বাম পায়ে হ্যামস্ট্রিং ইনজুরি ধরা পড়েছে। তাকে রক্ষণশীল চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে এবং এ কারণে মৌসুমের বাকি ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন না। তবে ক্লাবের ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন।
বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা লিগ টেবিলের শীর্ষে রয়েছে এবং প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে নয় পয়েন্টে এগিয়ে। আগামী ১০ মে ঘরের মাঠে এই দুই দলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে, যা মৌসুমের অন্যতম বড় ম্যাচ।
অন্যদিকে স্পেন জাতীয় দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২১ জুন সৌদি আরব এবং ২৭ জুন উরুগুয়ের বিপক্ষে খেলবে তারা। ইয়ামালের চোট থেকে সেরে ওঠা দলটির আক্রমণভাগের জন্য বড় স্বস্তি হয়ে আসবে বলেই মনে করা হচ্ছে।