logo
Advertisement

পিরলোই হচ্ছেন ইতালির কোচ, চার বছরের চুক্তির খবর

পিরলোই হচ্ছেন ইতালির কোচ, চার বছরের চুক্তির খবর
আন্দ্রে পিরলো। পুরোনো ছবি

পেপ গার্দিওলাকে রাজি করাতে না পেরে শেষ পর্যন্ত ঘরের মানুষ আন্দ্রে পিরলোর দিকেই ফিরেছে ইতালি। দেশটির সংবাদমাধ্যমের খবর, জাতীয় দলের প্রধান কোচ করতে ২০০৬ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের সঙ্গে চার বছরের সমঝোতায় পৌঁছেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

ইতালিয়ান দৈনিক লা রিপাবলিকা জানিয়েছে, পিরলোর চুক্তির মেয়াদ হবে ২০৩০ সাল পর্যন্ত। বছরে প্রায় ১৫ লাখ ইউরো বেতন পাবেন তিনি। এর সঙ্গে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপে জায়গা করে নেওয়াসহ বিভিন্ন সাফল্যের জন্য থাকবে বাড়তি অর্থের ব্যবস্থা।

তবে এখনো চুক্তিতে সই করেননি পিরলো। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় স্তরের ক্লাব দুবাই ইউনাইটেডের দায়িত্বে থাকা ৪৭ বছর বয়সী এই কোচকে আগে বর্তমান চুক্তি থেকে মুক্ত হতে হবে। ইতালির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে, এফআইজিসি আপাতত আনুষ্ঠানিক ঘোষণার কোনো সময় নির্ধারণ করেনি। ফলে সমঝোতা হলেও নিয়োগের আনুষ্ঠানিকতা এখনো বাকি।

ইতালির প্রথম পছন্দ ছিলেন গার্দিওলা। ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়ে দেওয়া স্প্যানিশ কোচের সঙ্গে আলোচনা করেছিল এফআইজিসি। বড় অঙ্কের বেতন দিতে নিজেদের প্রচলিত কাঠামোয় ছাড় দেওয়ার কথাও জানিয়েছিলেন ফেডারেশন সভাপতি জিওভান্নি মালাগো। শেষ পর্যন্ত বিরতিতে থাকার সিদ্ধান্তে অনড় থেকে প্রস্তাবটি ফিরিয়ে দেন গার্দিওলা।

গার্দিওলার প্রত্যাখ্যানের কয়েক ঘণ্টার মধ্যেই পিরলোর সঙ্গে সমঝোতার খবর সামনে আসে। ইতালির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনিই তার সাবেক সতীর্থকে দায়িত্ব দেওয়ার পক্ষে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। এর আগে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল ইতালি।

খেলোয়াড় হিসেবে ইতালির হয়ে ১১৬ ম্যাচ খেলা পিরলো ২০০৬ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাসের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার কাটানো এই মিডফিল্ডারকে নিজের প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়।

কোচ হিসেবে অবশ্য তার অভিজ্ঞতা তুলনামূলকভাবে সীমিত। ২০২০-২১ মৌসুমে জুভেন্টাসের দায়িত্ব নিয়ে দলটিকে ইতালিয়ান কাপ ও সুপার কাপ জেতান পিরলো। এরপর তুরস্কের ফাতিহ কারাগুমরুক ও ইতালির সাম্পদোরিয়ায় কাজ করে বর্তমানে দুবাই ইউনাইটেডের দায়িত্বে আছেন তিনি।

তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর গত এপ্রিলে ইতালির দায়িত্ব ছেড়েছিলেন জেন্নারো গাত্তুসো। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আনুষ্ঠানিকতা শেষ হলে বিপর্যস্ত ইতালিয়ান ফুটবলকে পুনর্গঠনের কঠিন দায়িত্ব নিয়েই জাতীয় দলের ডাগআউটে বসবেন পিরলো।