logo

বিশ্বকাপ ঘিরে সমর্থকদের গ্রেপ্তার-ডিপোর্টের আশঙ্কা: অ্যামনেস্টি

বিশ্বকাপ ঘিরে সমর্থকদের গ্রেপ্তার-ডিপোর্টের আশঙ্কা: অ্যামনেস্টি

২০২৬ বিশ্বকাপ শুরুর আর দুই মাসের কিছু বেশি সময় বাকি থাকতেই ভক্তদের নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে সমর্থক, কর্মী এমনকি সাংবাদিকদেরও গ্রেপ্তার ও দেশ থেকে বের করে দেওয়ার ঝুঁকি থাকতে পারে।

প্রতিবেদনটি মূলত যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসন নীতির দিকে আঙুল তুলেছে, যেখানে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে। সংস্থাটির মতে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যা “মানবাধিকার জরুরি অবস্থা” হিসেবে বিবেচিত হতে পারে।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে গণগ্রেপ্তার ও ইচ্ছামতো আইনি প্রক্রিয়া প্রয়োগের মতো ঘটনা বেড়েছে, যা বিশ্বকাপের সময় অংশগ্রহণকারীদের ওপরও প্রভাব ফেলতে পারে। শুধু বিদেশি দর্শক নয়, স্থানীয় বাসিন্দারাও এর প্রভাবের বাইরে থাকবেন না বলে আশঙ্কা করা হয়েছে।

অ্যামনেস্টির এক কর্মকর্তা জানান, ২০২৫ সালেই যুক্তরাষ্ট্র থেকে পাঁচ লাখের বেশি মানুষকে বহিষ্কার করা হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে।

প্রতিবেদনে মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিয়েও শঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপকে ঘিরে সম্ভাব্য বিক্ষোভ দমন বা সীমাবদ্ধ করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

মেক্সিকোয় নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। সহিংসতা মোকাবিলায় বড় পরিসরে নিরাপত্তা বাহিনী মোতায়েনের পরিকল্পনা থাকায় সেখানে বিক্ষোভ ও জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে কানাডায় গৃহহীন ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর এই আয়োজনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সব মিলিয়ে, ফুটবলের সবচেয়ে বড় আসর ঘিরে মাঠের বাইরের নানা অনিশ্চয়তা ও ঝুঁকি এবার আলোচনায় উঠে এসেছে নতুন করে।