logo

প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল ইন্দোনেশিয়ার

প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল ইন্দোনেশিয়ার
বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে

শুরুর ৪৫ মিনিটেই বাংলাদেশের রক্ষণকে ছিন্নভিন্ন করে দিল ইন্দোনেশিয়া। মিচেল বেকারের একাই চার গোল, সঙ্গে রিজকি রিদো ও জাস্টিন হুবনারের গোলে ফিফা আসিয়ান কাপের শেষ গ্রুপ ম্যাচে প্রথমার্ধেই ৬-১ গোলে পিছিয়ে বাংলাদেশ। শাহরিয়ার ইমনের গোলে এবারের টুর্নামেন্টে প্রথমবার জালের দেখা পেলেও সেটি বাংলাদেশের জন্য সামান্য সান্ত্বনাই হয়ে থাকল।

জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে স্বাগতিকরা। ১১ মিনিটেই ওলে রমনির কাটব্যাক থেকে প্রথম স্পর্শে গোল করে ইন্দোনেশিয়াকে এগিয়ে দেন বেকার।

২০ মিনিটে আবারও বাংলাদেশের জালে বল পাঠান এই ফরোয়ার্ড। পাল্টা আক্রমণ থেকে প্রথম শট ঠেকিয়েছিলেন গোলকিপার মেহেদী হাসান। ফিরতি বলও ব্লক করেন জায়ান আহমেদ। কিন্তু জটলার মধ্যে শেষ পর্যন্ত বল জালে পাঠান বেকার।

এরপর ৩১ মিনিটে ব্যবধান ৩-০ করেন রিজকি রিদো। আধঘণ্টার মধ্যেই তিন গোল হজম করে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

তবে পাঁচ মিনিট পর আসে কিছুটা স্বস্তি। বাঁ দিক দিয়ে সুকি ইতোফুসার আক্রমণ থেকে বাইলাইনের কাছ থেকে আসা কাটব্যাকে ঝাঁপিয়ে হেড করেন শাহরিয়ার ইমন। ৩৬ মিনিটে তার সেই গোলেই এবারের ফিফা আসিয়ান কাপে প্রথমবার গোলের দেখা পায় বাংলাদেশ।

কিন্তু গোলের আনন্দ এক মিনিটও টেকেনি। ৩৭ মিনিটে রমনির আরেকটি কাটব্যাক থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বেকার। স্কোর হয়ে যায় ৪-১।

সেখানেও থামেননি তিনি। ৪২ মিনিটে হেড থেকে নিজের চতুর্থ এবং ইন্দোনেশিয়ার পঞ্চম গোলটি করেন বেকার।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই বাংলাদেশের দুর্দশা আরও বাড়ান জাস্টিন হুবনার। তার গোলে ছয় পূর্ণ করে স্বাগতিকরা। বিরতিতে তাই ৬-১ গোলের বিশাল ব্যবধানে পিছিয়ে যায় টমাস ডুলির দল।

আগের দুই ম্যাচ হেরে বাংলাদেশের বিদায় আগেই নিশ্চিত হয়েছিল। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ এবং পরের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছিল তারা।