বিশ্বকাপ থেকে বিদায়ের পর পোকার টেবিলে নেইমার

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের এক সপ্তাহও হয়নি। এর মধ্যেই নতুন প্রতিযোগিতায় নেমেছেন নেইমার। তবে এবার বল পায়ে নয়, তাস হাতে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ওয়ার্ল্ড সিরিজ অব পোকারের একটি আসরে অংশ নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
প্রতিযোগিতার আয়োজকেরা সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নেইমারের অংশগ্রহণের বিষয়টি জানিয়েছে। ১০ হাজার ডলার প্রবেশমূল্যের নো-লিমিট হোল্ডেম সিক্স-হ্যান্ডেড চ্যাম্পিয়নশিপে নাম লিখিয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। ব্রাজিলিয়ান মুদ্রায় এটি প্রায় ৫১ হাজার রিয়াল।
সিক্স-হ্যান্ডেড বা সিক্স-ম্যাক্স সংস্করণে একটি টেবিলে সর্বোচ্চ ছয়জন প্রতিযোগী খেলেন। সাধারণ পোকারের তুলনায় এখানে প্রতিযোগীদের বেশি হাত খেলতে হয় এবং ঝুঁকি নেওয়ার প্রবণতাও থাকে বেশি।
নেইমারকে স্বাগত জানিয়ে আয়োজকেরা জানিয়েছে, বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের প্রায় এক সপ্তাহ পর ১০ হাজার ডলারের আসরে অংশ নিয়েছেন দেশটির ফুটবল মহাতারকা।
লাস ভেগাসের প্যারিস লাস ভেগাস ও হর্সশু লাস ভেগাসে অনুষ্ঠিত হচ্ছে এবারের ওয়ার্ল্ড সিরিজ অব পোকার। গত ২৬ মে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে আগামী বুধবার পর্যন্ত। এবারের আয়োজনে মোট ১০০টি ব্রেসলেট ইভেন্ট রাখা হয়েছে। ডব্লিউএসওপির সূচিতে নেইমারের অংশ নেওয়া ১০ হাজার ডলারের সিক্স-হ্যান্ডেড আসরটিও রয়েছে।
পোকারের প্রতি নেইমারের আগ্রহ অবশ্য নতুন নয়। অবসর সময়ে নিয়মিত পোকার খেলেন তিনি। এর আগেও বিভিন্ন তারকা ও পেশাদার খেলোয়াড়ের সঙ্গে পোকার টেবিলে দেখা গেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। নেইমারদের হারানো নরওয়েও অবশ্য বেশি দূর যেতে পারেনি। কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের পর ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে ছিটকে গেছে আর্লিং হলান্ডের দল।
ব্রাজিলের বিদায়ের পর বৃহস্পতিবার ফ্লোরিডার ইউনিভার্সাল অরল্যান্ডো রিসোর্টের এপিক ইউনিভার্স থিম পার্কেও দেখা গিয়েছিল নেইমারকে। ছুটি শেষে আগামী শুক্রবার তার সান্তোসে ফেরার কথা। এর আগের দিন ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বোতাফোগোর মাঠে খেলবে সান্তোস। তবে সেই ম্যাচে নেইমারকে পাচ্ছে না তার ক্লাব।



