logo
Advertisement

ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে এবার মাঠে বার্সেলোনা

ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে এবার মাঠে বার্সেলোনা
লামিনে ইয়ামাল। ছবি: গেটি ইমেজ

নিজেই বলেছেন, ব্যালন ডি’অরের জন্য কারও কাছে ‘অনুনয়’ করবেন না। কিন্তু লামিনে ইয়ামালকে সেই পুরস্কার জেতাতে এবার নাকি আর চুপ করে থাকতে চায় না তার ক্লাব বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এর দাবি, ১৯ বছর বয়সী তারকার পক্ষে জোরালো অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি।

গত কয়েক মাস ধরে ব্যালন ডি’অর নিয়ে তুলনামূলক নীরব ছিল বার্সেলোনা। তবে পিএসজি নিজেদের খেলোয়াড়দের পক্ষে প্রচার চালানো এবং রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে তৎপরতার পর সেই অবস্থান বদলেছে বলে জানিয়েছে এএস। তাদের ভাষ্য, ইয়ামালের প্রথম ব্যালন ডি’অর জয়ের বিষয়টি এখন ক্লাবের জন্য বড় অগ্রাধিকারে পরিণত হয়েছে।

এর ইঙ্গিত মিলেছে চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্দের বিপক্ষে বার্সেলোনার ৫-১ গোলের জয়ের পরও। ম্যাচ শেষে ইয়ামালের পক্ষে সরাসরি কথা বলেছেন কোচ হান্সি ফ্লিক।

ফ্লিক ইয়ামাল ব্যালন ডি'অরের যোগ্য কি না সেই প্রশ্নের উত্তরে বলেন, ‘সে আমার খেলোয়াড়, অবশ্যই আমি তা মনে করি। সে ব্যালন ডি’অর জেতার যোগ্য। সে অসাধারণ, বিশেষ একজন খেলোয়াড়। যে তার খেলা দেখে, সে জানে সে এই পুরস্কারের যোগ্য।’

এএস এর মতে, ফ্লিকের এমন পরিষ্কার বক্তব্যই বার্সেলোনার পরিবর্তিত অবস্থানের সবচেয়ে বড় প্রমাণ। সংবাদমাধ্যমটি দাবি করেছে, ক্লাবের ভেতরে ইয়ামালকেই নিজেদের প্রধান ব্যালন ডি’অর প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এর একদিন আগেই অবশ্য নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন ইয়ামাল। ফেইনুর্দের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অর নিয়ে তিনি বলেন, ‘আমি এর জন্য অনুনয় করব না।’ তবে একই সঙ্গে গত মৌসুমে নিজের পারফরম্যান্সের কথাও মনে করিয়ে দেন বার্সেলোনার ‘১০’ নম্বর জার্সিধারী।

‘আমি দারুণ একটি বছর কাটিয়েছি, ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই,’ বলেন ইয়ামাল।

এএস জানিয়েছে, সংবাদ সম্মেলনে ইয়ামালকে পাঠানোর সিদ্ধান্তও ছিল তাৎপর্যপূর্ণ। এমবাপ্পে রিয়ালের ম্যাচের আগে এবং উসমান দেম্বেলে পিএসজির হয়ে গণমাধ্যমে কথা বলার পর বার্সেলোনাও নিজেদের সবচেয়ে আলোচিত তারকাকে সামনে আনে।

ইয়ামালের দাবির পক্ষে অর্জনের তালিকাও ছোট নয়। গত ব্যালন ডি’অর ভোটে দ্বিতীয় হয়েছিলেন তিনি। এর আগে জিতেছেন ২০২৪ সালের গোল্ডেন বয় এবং টানা দুই বছর ২০২৪ ও ২০২৫ সালে কোপা ট্রফি। বর্তমানে তিনি লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কারধারীও।

বিশ্বকাপেও স্পেনের শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইয়ামালের। পাশাপাশি বার্সেলোনার হয়েও ধারাবাহিক পারফরম্যান্স তাকে এবারের ব্যালন ডি’অরের অন্যতম শক্তিশালী দাবিদার করে তুলেছে।

তবে লড়াইটা সহজ নয়। এমবাপ্পে, হ্যারি কেইন, রদ্রি, লিওনেল মেসিসহ একাধিক তারকা রয়েছেন ২০২৬ সালের পুরস্কারের আলোচনায়। আগামী ২৬ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে ব্যালন ডি’অর বিজয়ীর নাম।