logo

বিশ্বকাপের আগে উরুগুয়ে দলে ফিরতে আপত্তি নেই সুয়ারেজের

বিশ্বকাপের আগে উরুগুয়ে দলে ফিরতে আপত্তি নেই সুয়ারেজের

উরুগুয়ের জার্সি তুলে রাখার পরও সেই দরজা পুরোপুরি বন্ধ করেননি দেশটির কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বিশ্বকাপ সামনে রেখে অভিজ্ঞ এই স্ট্রাইকার জানিয়ে দিলেন, জাতীয় দল ডাকলে তিনি ‘না’ বলবেন না।

এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, ‘জাতীয় দল তো সবসময়ই আপনার কাছে বিশেষ। এখন ভাবছি বিশ্বকাপ সামনে যদি দল আমাকে চায় তাহলে কী করব? আমি কখনোই দেশের জন্য না বলব না।’

২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সময় তিনি বলেছিলেন, নতুনদের জায়গা করে দিতেই সরে দাঁড়াচ্ছেন। তবে এখনও নিজেকে পুরোপুরি বাইরে ভাবছেন না। তার কথায়, ‘আমি জায়গা ছেড়ে দিয়েছিলাম কারণ মনে হয়েছিল দলের জন্য তখন সেটাই ঠিক সিদ্ধান্ত। কিন্তু যতদিন খেলছি, যদি দরকার হয়, আমি থাকব।’

উরুগুয়ের হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ।

তবে অবসরের পর কিছুটা বদলও অনুভব করছেন তিনি। স্বীকার করেছেন, জাতীয় দল ছাড়ার পর ফুটবলের প্রতি আগের সেই তীব্রতা কিছুটা কমে গেছে।

এই মুহূর্তে তিনি ক্লাব ফুটবলে মনোযোগী। ইন্টার মায়ামির হয়ে চলতি মৌসুমে নিজের প্রথম গোলও পেয়েছেন সম্প্রতি। কোচ হাভিয়ের মাসচেরানো তার পারফরম্যান্সের প্রশংসা করে জানিয়েছেন, দলের জন্য এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন সুয়ারেজ।

সব মিলিয়ে, বয়স ৩৯ হলেও সুয়ারেজের গল্প শেষ হয়নি। বিশ্বকাপের আগে দরজা খুলে রেখেছেন নিজেই। এখন দেখার, উরুগুয়ে তাকে আবার ডাকে কি না।