মাঠেই অসুস্থ হয়ে মারা গেলেন পর্তুগিজ ফুটবলার

নতুন মৌসুমের প্রস্তুতি নিচ্ছিলেন পর্তুগিজ ফুটবলার কেভিন কাস্ত্রো। সতীর্থদের সঙ্গে নেমেছিলেন প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচে। কিন্তু সেই ম্যাচই হয়ে থাকল তার জীবনের শেষ ম্যাচ। খেলার মধ্যে হঠাৎ লুটিয়ে পড়ার পর মারা গেছেন ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের সাবেক এই মিডফিল্ডার। তার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।
শনিবার পর্তুগালের মালভেইরায় এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছিল কাস্ত্রোর ক্লাব রিয়াল স্পোর্ট। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচের প্রায় ১০ মিনিটে মাঠে অচেতন হয়ে পড়ে যান তিনি।
এস্ত্রেলার একজন চিকিৎসক দ্রুত মাঠে প্রবেশ করে ডিফিব্রিলেটরের সাহায্যে কাস্ত্রোকে বাঁচানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় জরুরি চিকিৎসাসেবায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি। ঘটনার পর ম্যাচটি বাতিল করা হয়। তার মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
রিয়াল স্পোর্ট এক বিবৃতিতে কাস্ত্রোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ক্লাবটি জানায়, কাস্ত্রো শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন তাদের ক্রীড়া পরিবারের অবিচ্ছেদ্য অংশ। মাঠ ও মাঠের বাইরে যারা তাকে চিনতেন, সবার মধ্যেই তিনি স্থায়ী ছাপ রেখে গেছেন।
শোক জানিয়েছে এস্ত্রেলা দা আমাদোরা ও লিসবন ফুটবল অ্যাসোসিয়েশনও। কাস্ত্রোর পরিবার, বন্ধু, সতীর্থ এবং রিয়াল স্পোর্টের সবার প্রতি সমবেদনা জানিয়েছে তারা।
কাস্ত্রো ২০২১ সালে কিশোর বয়সে ওয়েস্ট ব্রমে যোগ দেন। আর্সেনালের বিপক্ষে লিগ কাপের ম্যাচে ক্লাবটির মূল দলের হয়ে তার অভিষেক হয়েছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে করেন লিগ অভিষেক। একই বছর উলভারহ্যাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগ কাপের ফাইনালেও গোল করেছিলেন তিনি।
পরবর্তী সময়ে ধারে বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে খেলেন কাস্ত্রো। ওয়েস্ট ব্রম ছাড়ার পর ইয়র্ক সিটি, কিংস লিন, চিপেনহাম, ক্যামব্রিজ সিটি ও ইস্টবোর্নের মতো ইংলিশ ক্লাবে খেলেছেন। এরপর নিজ দেশ পর্তুগালে ফিরে যোগ দিয়েছিলেন রিয়াল স্পোর্টে।
কাস্ত্রোর মৃত্যুতে নিজেদের বিধ্বস্ত বলে জানিয়েছে ওয়েস্ট ব্রম। রোববার বার্নলির বিপক্ষে চ্যাম্পিয়নশিপের ম্যাচে তাঁকে বিশেষভাবে স্মরণ করবে ক্লাবটি। কাস্ত্রোর বয়সের সঙ্গে মিল রেখে ম্যাচের ২৫তম মিনিটে থাকবে করতালি। ওয়েস্ট ব্রমের খেলোয়াড়েরা মাঠে নামবেন কালো আর্মব্যান্ড পরে।



