টানা পঞ্চম বারের মতো লিগ চ্যাম্পিয়ন পিএসজি

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে আরেকটি শিরোপা ঘরে তুলল ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লিগ ওয়ানে দ্বিতীয় স্থানে থাকা লঁসকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো ফরাসি লিগের চ্যাম্পিয়ন হয়েছে প্যারিসের ক্লাবটি।
লঁসের স্তাদ বলায়ের-দেলেলিতে বুধবার রাতে পিএসজির হয়ে গোল করেন খভিচা কভারাতসখেলিয়া ও বদলি হিসেবে নামা ইব্রাহিম এমবাই। এই জয়ে ৭৬ পয়েন্টে পৌঁছে যায় পিএসজি। ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা লঁসের পক্ষে আর তাদের ধরা সম্ভব নয়।
এটি পিএসজির ইতিহাসের ১৪তম লিগ ওয়ান শিরোপা। ফরাসি লিগ ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করল তারা।
ম্যাচের আগেই অবশ্য পিএসজির শিরোপা প্রায় নিশ্চিতই ছিল। লঁসের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে ছিল তারা, গোল ব্যবধানেও ছিল অনেক এগিয়ে। আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন হতে দরকার ছিল শুধু ১ পয়েন্ট। কিন্তু লুইস এনরিকের দল পয়েন্ট ভাগাভাগির পথে যায়নি, সরাসরি জয় নিয়েই শিরোপা নিশ্চিত করেছে।
তবে স্কোরলাইন যতটা সহজ দেখাচ্ছে, ম্যাচটা পিএসজির জন্য ততটা সহজ ছিল না। নিজেদের মাঠে লঁস শুরু থেকেই তীব্র চাপ তৈরি করেছিল। ২০ মিনিটে আদ্রিয়েন তোমাসোঁর হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন ইলিয়া জাবারনি। সেই মুহূর্তে বেঁচে যায় পিএসজি।
এর ৯ মিনিট পরই ম্যাচের প্রথম গোল। ওসমান দেম্বেলে লঁস ডিফেন্ডার মালাং সার থেকে বল কেড়ে নেন। এরপর দ্রুত পাস বাড়ান কভারাতসখেলিয়ার দিকে। কাছ থেকে জোরালো শটে বল জালে পাঠান জর্জিয়ান ফরোয়ার্ড।
PSG are Ligue 1 champions for the 14th time 🏆 pic.twitter.com/wLCiW26oh1
— CBS Sports Golazo ⚽️ (@CBSSportsGolazo) May 13, 2026
গোল খাওয়ার পর লঁস আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। পিএসজিকে বারবার বাঁচাতে হয় গোলরক্ষক মাতভেই সাফোনভকে। ওয়েসলি সাঈদ ও আবদাল্লাহ সিমার একাধিক প্রচেষ্টা ঠেকান তিনি। ৭৩ মিনিটে সিমার শট পোস্টে লাগলে আরও একবার হতাশ হয় স্বাগতিকরা।
ম্যাচের শেষ দিকে কাউন্টার আক্রমণ থেকে পিএসজির দ্বিতীয় গোল করেন ইব্রাহিম এমবাই। কিশোর এই ফরোয়ার্ডের দারুণ শট লঁসের ফেরার শেষ আশাটুকুও শেষ করে দেয়।
চোটের কারণে এই ম্যাচে পিএসজির স্কোয়াড ছিল বেশ দুর্বল। লুকাস শেভালিয়ে, আশরাফ হাকিমি, লি কাং-ইন, নুনো মেন্দেস, উইলিয়ান পাচো ও ওয়ারেন জাইর-এমেরি ছিলেন না। তবু গুরুত্বপূর্ণ ম্যাচে কাজটা ঠিকই শেষ করেছে পিএসজি।
পিএসজি লিগ মৌসুম শেষ করবে রোববার প্যারিস এফসির বিপক্ষে ডার্বি ম্যাচ দিয়ে। এরপর ৩০ মে বুদাপেস্টে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে তারা। গত মৌসুমের ইউরোপসেরা দল এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে।