নেইমার চুক্তি নিয়ে বিতর্ক, চাপের মুখে সান্তোস সভাপতি
ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে নতুন করে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সঙ্গে করা এক আর্থিক চুক্তি নিয়ে বিপদে পড়েছে বিখ্যাত ক্লাবটি। প্রায় ১৮ মিলিয়ন পাউন্ড দেনার একটি চুক্তিকে কেন্দ্র করে ক্লাবটির সভাপতি মার্সেলো তেইশেইরার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠেছে।
বিতর্কের সূত্রপাত একটি সংশোধিত চুক্তি থেকে, যেখানে নেইমারের পরিবারের প্রতিষ্ঠান এনআর স্পোর্টসকে এই অর্থ পরিশোধের বিষয়টি নির্ধারিত হয়। অভিযোগ উঠেছে, এই চুক্তির কিছু ধারা ক্লাবের স্বার্থের পরিপন্থি এবং ক্ষমতার অপব্যবহারের শামিল।
একজন প্রসিকিউটর আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন, চুক্তিতে এমন একটি শর্ত রাখা হয়েছে যাতে সভাপতির পুনর্নির্বাচন না হলে বা ক্লাবের কাঠামো পরিবর্তন হলে পুরো অর্থ একসঙ্গে পরিশোধ করতে হবে। তার ভাষায়, এটি ক্লাব প্রশাসনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার একটি উপায়।
বিতর্ক আরও ঘনীভূত হয়েছে ক্লাবের ঐতিহ্যবাহী ‘মেনিনোস দা ভিলা’ ট্রেনিং গ্রাউন্ডকে জামানত হিসেবে ব্যবহারের সিদ্ধান্তে। দ্রুত কিস্তিতে অর্থ পরিশোধের বাধ্যবাধকতা থাকায় এই স্থাপনার ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে ক্লাবের সংশ্লিষ্ট পরিষদের অনুমোদন নেওয়া হয়নি। তবুও বোর্ড সম্প্রতি আর্থিক হিসাব অনুমোদন দিয়েছে, যা নতুন করে প্রশ্ন তুলেছে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে।
বর্তমানে সান্তোসের মোট দেনা প্রায় ১৪৬ মিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। এই পরিস্থিতিতে একটি কিস্তি মিস হলেই পুরো অর্থ একসঙ্গে পরিশোধের চাপ তৈরি হতে পারে, যা ক্লাবকে আরও বড় ঝুঁকির মুখে ফেলবে।
এখন ক্লাবের অভ্যন্তরীণ কমিটির ওপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। তদন্ত শুরু হবে কি না, সেটিই ঠিক করবে সান্তোসের ভবিষ্যৎ পথ। তবে একথা নিশ্চিত, নেইমারকে ঘিরে এই চুক্তি ইতিমধ্যেই ব্রাজিলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবটিকে গভীর অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে।