logo

রায়ের পরও সিটির ওপর পূর্ণ আস্থা মারেসকার

রায়ের পরও সিটির ওপর পূর্ণ আস্থা মারেসকার
ম্যান সিটি কোচ এনজো মারসেকা। ছবি: গেটি ইমেজ

আর্থিক নিয়ম ভাঙার দায়ে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি। বড় শাস্তির আশঙ্কাও ঝুলছে ক্লাবটির ওপর। তবে এসব নিয়ে দলের ফুটবলাররা উদ্বিগ্ন নন বলে দাবি করেছেন কোচ এনজো মারেসকা। তাঁর নিজেরও ক্লাবের ওপর পূর্ণ আস্থা। ইতালিয়ান এই কোচের মতে, খেলোয়াড়দের মনোযোগ এখন শুধু লিভারপুল ম্যাচে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ক্লাবের নিজস্ব মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মারেসকা। কমিশনের রায় প্রকাশের পর এটিই তাঁর প্রথম সাক্ষাৎকার। রোববার (১১ অক্টোবর) অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে সিটি।

মারেসকা বলেন, ‘সত্যি বলতে, ব্যক্তিগতভাবে আমি খুব শান্ত আছি। ক্লাব তাদের অবস্থান স্পষ্ট করেছে। আমরা ক্লাবকে পুরোপুরি বিশ্বাস করি।’

চারপাশের আলোচনা সম্পর্কে জানলেও নিজেদের কাজেই মনোযোগ রাখতে চান ইতালিয়ান এই কোচ। তার কথায়, ‘আমাদের মনোযোগ শুধু সেই বিষয়ে, যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর আমরা শুধু ফুটবলের দিকটাই নিয়ন্ত্রণ করতে পারি।’

প্রিমিয়ার লিগের স্বাধীন কমিশন ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ পর্যন্ত নয় মৌসুমে আর্থিক নিয়ম ভাঙার দায়ে সিটিকে দোষী সাব্যস্ত করেছে। তদন্তে সহযোগিতা না করার অভিযোগেও ক্লাবটির বিরুদ্ধে রায় এসেছে। তবে কী শাস্তি দেওয়া হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

সিটি নিজেদের নির্দোষ দাবি করে গত ১ অক্টোবর রায়ের বিরুদ্ধে আপিল করেছে। ক্লাবটির বক্তব্য, কমিশনের রায়ে আইনগত, নীতিগত ও তথ্যগত গুরুত্বপূর্ণ ভুল রয়েছে। নিজেদের অবস্থানের পক্ষে অকাট্য প্রমাণ থাকার দাবিও করেছে তারা।

আন্তর্জাতিক বিরতি শেষে ফুটবলাররা ক্লাবে ফেরার পর দলের পরিবেশ নিয়ে সন্তুষ্ট মারেসকা। তার মতে, সামনের দুই ম্যাচ নিয়ে খেলোয়াড়েরা উচ্ছ্বসিত। বিশেষ করে লিগের শীর্ষে থাকায় তাদের মনোযোগ মাঠের সাফল্য ধরে রাখার দিকে।

মারেসকা বলেন, ‘তারা জানে চারপাশে আলোচনা হচ্ছে, কিন্তু সেসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না। এই মুহূর্তে তাদের ভাবনা, কীভাবে লিভারপুলকে হারানো যায় এবং সমর্থকদের সঙ্গে নিয়ে অ্যানফিল্ডে জেতা যায়।’

মৌসুমের প্রথম পাঁচটি লিগ ম্যাচেই জিতেছে সিটি। লিভারপুল ম্যাচের তিন দিন পর চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে প্যারিস সেন্ট জার্মেইয়ের মুখোমুখি হবে মারেসকার দল।