৬ বছরের মধ্যে নতুন স্টেডিয়াম চালুর আশা ম্যানচেস্টার ইউনাইটেডের

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তাদের প্রস্তাবিত নতুন স্টেডিয়াম নির্মাণে সময়সীমা নিয়ে আশাবাদী অবস্থান জানিয়েছে। ক্লাবটির লক্ষ্য, আগামী ছয় বছরের মধ্যেই নতুন ভেন্যুটি চালু করা।
ম্যানচেস্টার ইউনাইটেড ২০২৫ সালের মার্চে ১ লাখ দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়ামের পরিকল্পনা উন্মোচন করে। যদিও এরপর প্রকাশ্যে বড় কোনো অগ্রগতি দেখা যায়নি, ক্লাবের স্টেডিয়াম উন্নয়ন বিভাগের প্রধান নির্বাহী কলেট রোশ জানিয়েছেন, কাজ ‘নেপথ্যে’ এগিয়ে চলছে।
তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই বলেছিলাম নির্মাণে চার থেকে পাঁচ বছর সময় লাগবে। তবে এর আগে জমি সংগ্রহ, অর্থায়ন এবং পরিকল্পনার অনুমোদন পেতেও এক থেকে দুই বছর সময় লাগে—এটাই এখন চলছে।’
ক্লাবের হিসাব অনুযায়ী, সব প্রস্তুতি শেষ হলে মূল নির্মাণকাজ শেষ করতে চার থেকে পাঁচ বছর সময় লাগবে। লক্ষ্য রাখা হয়েছে ২০৩২-৩৩ মৌসুমের আগেই নতুন স্টেডিয়াম চালু করার।
নতুন স্টেডিয়ামটি বর্তমান ওল্ড ট্রাফোর্ড এলাকাতেই নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নে আশপাশের কিছু জমি অধিগ্রহণ জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে বিভিন্ন ভূমির মালিকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান রোশ। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যেই জমি সংক্রান্ত অগ্রগতির বিষয়ে ইতিবাচক ঘোষণা দেওয়া সম্ভব হবে।
সব মিলিয়ে, দীর্ঘমেয়াদি এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হবেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।