logo

বিশ্বকাপ টিকিটে গোপন মূল্যবৃদ্ধি, ক্ষুব্ধ সমর্থকরা

বিশ্বকাপ টিকিটে গোপন মূল্যবৃদ্ধি, ক্ষুব্ধ সমর্থকরা

২০২৬ বিশ্বকাপ ঘিরে বড় ধরনের বিতর্কে জড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টিকিটের দাম হঠাৎ করে বাড়ানো এবং আগেই কেনা আসন বদলে দেওয়ার মতো অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছেন সমর্থকেরা।

সম্প্রতি কোনো পূর্বঘোষণা ছাড়াই টিকিটিং কাঠামোয় নতুন ‘ফ্রন্ট ক্যাটাগরি’ যোগ করেছে ফিফা। এই নতুন শ্রেণিতে টিকিটের দাম আগের তুলনায় অনেক বেশি। উদাহরণ হিসেবে, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের টিকিট কয়েক দিনের ব্যবধানে প্রায় দেড় হাজার ডলার পর্যন্ত বেড়েছে।

শুধু দাম বাড়ানোই নয়, অভিযোগ উঠেছে আরও গুরুতর বিষয়ে। অনেক সমর্থক দাবি করেছেন, তারা টিকিট কেনার পর স্টেডিয়ামের সিট ম্যাপ পরিবর্তন করা হয়েছে। ফলে আগে যেসব আসন তুলনামূলক ভালো ছিল, সেগুলো বদলে কম সুবিধাজনক জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে সরাসরি “বেইট অ্যান্ড সুইচ” বা প্রলোভন দেখিয়ে পরে শর্ত বদলের কৌশল বলেও উল্লেখ করেছেন।

এদিকে বিশ্বকাপের ফাইনালের টিকিটের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শীর্ষ ক্যাটাগরির টিকিট এখন প্রায় ১১ হাজার ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা আগের তুলনায় অনেক বেশি।

এই পরিস্থিতিতে ফিফার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠছে। ৪৮ দলের এই সম্প্রসারিত বিশ্বকাপকে যেখানে সবার জন্য আরও উন্মুক্ত করার কথা বলা হচ্ছিল, সেখানে টিকিট নিয়ে এমন বিতর্ক সংস্থাটির ভাবমূর্তির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।